রাজকীয় বিয়ের নিরাপত্তা মহড়া
রাজকীয় বিয়ে বলে কথা! সব আয়োজনের মতো নিরাপত্তার আয়োজনও অন্য রকম হওয়ার কথা। হয়েছেও তাই। ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে গতকাল বুধবার সামরিক বাহিনীর সদস্যরা টানা আড়াই ঘণ্টার নিরাপত্তা মহড়ায় অংশ নেন। সামরিক বাহিনীর এক হাজারেরও বেশি সদস্য ওই মহড়ায় অংশ নেন। কাল শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেডে বিয়ে হবে উইলিয়াম ও কেটের। ব্রিটিশ সেনা, নৌ ও রাজকীয় বিমানবাহিনীর (আরএএফ) সদস্যরা নিরাপত্তা মহড়ায় অংশ নেন। বিয়ের দিনের আনুষ্ঠানিক পোশাকে সজ্জিত হয়েই মহড়া দেন সেনারা। স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় শুরু হয়ে সকাল সাতটা পর্যন্ত মহড়া চলে। তবে মহড়ার তৎপরতা শুরু হয় রাত দুইটার দিকে। মূল মহড়া শুরু হয় ভোর পাঁচটায়।মহড়ায় অংশ নেওয়া সেনারা লন্ডন থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত যান। মহড়ায় ঘোড়ার গাড়ি ও দুটি রাজকীয় ব্যক্তিগত গাড়িও অংশ নেয়। উইলিয়াম ও কেট যখন স্বামী-স্ত্রী হিসেবে ওয়েস্টমিনস্টার অ্যাবে ছাড়বেন, তখন ১২ জন চৌকস সেনা তাঁদের নির্দিষ্ট ঘোড়ার গাড়ির দিকে এগিয়ে নিয়ে যাবেন। সাধারণত, সামরিক কর্মকর্তাদের বিয়েতে এমনটা করা হয়ে থাকে। মহড়ায় অংশ নেওয়া অনেকেই প্রিন্স উইলিয়ামের সহকর্মী বলে জানা গেছে। প্রসঙ্গত, প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর সদস্য। এএফপি।