রাজত্বের 'কারাগারে' ঢুকতে ভয় প্রিন্স চার্লসের!

রাজা হওয়ার জন্য কোনো তাড়া নেই ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লসের। কারণ, প্রিন্স অব ওয়েলস মনে করেন, রাজা হওয়া মানে বন্দিত্বের কারাগারে ঢোকা।
প্রিন্স চার্লসকে নিয়ে একটি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম সাময়িকী। এ জন্য তারা কথা বলেছে প্রিন্সের খুব কাছের বন্ধু ও সহযোগীসহ ৫০ জনের সঙ্গে। তাঁদেরই একজন টাইমকে বলেছেন প্রিন্স চার্লসের ওই মনের কথাটি।
আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন। এতে ব্রিটিশ রানির পরিবর্তে প্রতিনিধিত্ব করেন প্রিন্স চার্লস। তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়ে গেছে ৮৭ বছর। দীর্ঘ ছয় দশক ধরে তিনি রাজত্ব করছেন। আর এই সময়ে কয়েক দশক ধরে দাতব্য কাজ করে চলেছেন তাঁর উত্তরসূরি বড় ছেলে চার্লস। আগামী মাসে ৬৫ বছরে পা দেবেন তিনি।
টাইম সাময়িকীর নিবন্ধে বলা হয়েছে, রাজকীয় দায়িত্বের চেয়ে বরং অন্য অনেক দায়িত্ব পালন করে খুশি আছেন চার্লস। এ জন্য রাজত্ব গ্রহণে তাঁর কোনো অস্থিরতা নেই, বরং সেটি তাঁর জন্য চলতি দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত বোঝা হয়ে আসবে বলেই তিনি মনে করেন।
তবে ব্রিটিশ রাজপরিবার গতকাল শুক্রবার চার্লসের রাজা হতে অনীহার কথা অস্বীকার করেছে। বিবিসি ও এএফপি।