রাজধানীতে জড়ো হচ্ছেন আরও মাওবাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে মাওবাদীদের ডাকা ধর্মঘটের ষষ্ঠ দিনে গতকাল শুক্রবারও রাজধানী কাঠমান্ডুসহ গুরুত্বপূর্ণ শহরগুলো অচল ছিল। গতকালও সেখানে প্রায় ২০ হাজার লোক বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের মধ্যে চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, কণ্ঠশিল্পী, শিক্ষক থেকে শুরু করে দিনমজুরও ছিলেন। ধর্মঘট জোরদার করতে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে অসংখ্য মাওবাদী কর্মী রাজধানীতে ঢুকছেন। দু-এক জায়গায় সরকারপন্থীদের সঙ্গে মাওবাদীদের ছোটখাটো সংঘর্ষ হলেও কোথাও বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। এদিকে যুক্তরাষ্ট্র সাধারণ নেপালিদের কথা বিবেচনা করে মাওবাদীদের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে।সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কবরি, সিন্ধুপাল চোখ, মান্নানপুর, ধাড়িং ও চিতওয়ানের মতো আশপাশের জেলা থেকে গতকালও বাস-ট্রাকে চেপে মাওবাদী সমর্থকেরা কাঠমান্ডুতে ঢুকেছেন। অন্যদিকে গ্রামাঞ্চল থেকে বিক্ষোভ করতে আসা বহু কর্মীর সঙ্গে আনা প্রয়োজনীয় অর্থ ফুরিয়ে যাওয়ায় তাঁরা রাজধানীতে ত্যাগ করে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। তাঁরা চলে যাওয়ায় রাজধানীতে যাতে বিক্ষোভকারীদের সংখ্যা কমে না যায়, সে জন্য মাওবাদী নেতারা গ্রামাঞ্চল থেকে আরও কর্মী সেখানে আনছেন। গত বৃহস্পতিবার আশপাশের জেলা থেকে বহু সমর্থক পায়ে হেঁটে রাজধানীতে আসেন। অপরদিকে, চিতওয়ান ও মাখনপুর জেলা থেকে কয়েকটি বাস ও লরিতে করে কর্মীরা আসতে থাকেন।এদিকে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে ধর্মঘটে কিছুটা শৈথিল্য আনা হয়েছে। বিক্ষোভকারীরা প্রথম দিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলার অনুমতি দিয়েছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার তাঁরা এই সময়সীমা আরও দুই ঘণ্টা বাড়িয়েছেন। কাঠমান্ডুতে তাঁরা এখন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে দিচ্ছেন। বৃহস্পতিবার থেকে তাঁরা কাঠমান্ডুতে অন্যান্য জেলা থেকে আনা শাকসবজিবাহী ট্রাকও ঢুকতে দিয়েছেন।গতকাল রতন পার্ক এলাকায় মাওবাদীদের সঙ্গে সরকার-সমর্থকদের সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক কনিষ্ঠ সহকারী মন্ত্রী রবার্ট ও. ব্লেক গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ধর্মঘটে সাধারণ নেপালিদের দুর্ভোগ বাড়ছে। এ কারণে তিনি ধর্মঘট প্রত্যাহার করে সংলাপের মাধ্যমে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য মাওবাদীদের প্রতি আহ্বান জানান।এদিকে ধর্মঘটের কারণে নেপালের অর্থনীতিতে বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। মূল্যস্ফীতি বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ। অর্থ মন্ত্রণালয় স্বীকার করে বলেছে, রাজস্ব ও শুল্ক আদায়ের পরিমাণ আশঙ্কাজনক হারে কমে গেছে। —টেলিগ্রাফ, নেপাল নিউজ ডটকম