রাজধানীর বাইরে যাচ্ছে না ত্রাণ জীবিতদের উদ্ধারের শেষ চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে জীবিত উদ্ধারের শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। গতকাল রোববারও অনেককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ভূমিকম্পের পর পাঁচ দিন পেরিয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন কমে আসছে। ত্রাণ ব্যবস্থাপনায় কিছুটা শৃঙ্খলা ফিরেছে। রাজধানী পোর্ট অব প্রিন্সের মানুষ কিছু কিছু ত্রাণ পেতে শুরু করেছে, তবে রাজধানীর বাইরে ত্রাণের ছিটেফোঁটাও এখনো পৌঁছেনি।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মুখপাত্র ডেভিড হুইমহার্স্ট বলেন, ‘ত্রাণ এখন শহরের বিভিন্ন এলাকায় যাচ্ছে। তার পরও সব মানুষ এখনো ত্রাণ পায়নি। এমনও অনেক এলাকা আছে, যেখানে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না।পোর্ট অব প্রিন্সে ত্রাণ নিয়ে গত শনিবার সহিংস ঘটনাও ঘটেছে। রাজধানীর বাণিজ্যিক এলাকার রাস্তায় প্রায় হাজার খানেক মানুষ ওই সহিংসতায় জড়িয়ে পড়ে বলে খবর পাওয়া গেছে। তবে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা বড় ধরনের সহিংসতার খবর নাকচ করে দিয়ে জানিয়েছেন, রাজধানীর পরিস্থিতি শান্ত আছে, তবে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটছে।ত্রাণের আশায় রাজধানী ছেড়ে মানুষ এখন অন্যান্য শহরের দিকে ছুটছে। এ ছাড়া সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ ডোমেনিকান রিপাবলিকে পাড়ি জমানো মানুষের সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ।প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, মৃত মানুষের সংখ্যা ৫০ হাজার থেকে এক লাখ হতে পারে। হাইতির প্রধানমন্ত্রী জ্যাঁ-ম্যাক্স বিলেরাইভ জানিয়েছেন, মৃত মানুষের সংখ্যা কমপক্ষে এক লাখ হবে। এ পর্যন্ত ২৫ হাজারের বেশি মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা।প্রধানমন্ত্রী বিলেরাইভ জানান, ভূমিকম্পে তাঁর নিজের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। তিনি এখন তাঁর গাড়িতে থাকছেন। বৈঠকের জন্য মন্ত্রীদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না।আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা এখনো চলছেভূমিকম্পের পর পাঁচ দিন পেরিয়ে গেছে। তার পরও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে জীবিত উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। কাউকে কাউকে উদ্ধারও করতে পারছে তাঁরা, তবে ধ্বংসস্তূপের নিচে কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমে আসছে।ইসরায়েলি উদ্ধারকারী দলের এক কর্মী গতকাল বলেন, ‘আমাদের মনে হচ্ছে, আজকের পর আর হয়তো কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না।’সাহায্য পায়নি ভূমিকম্প কেন্দ্রস্থলের মানুষগত মঙ্গলবার আঘাত হানা সাত মাত্রার ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। বিবিসির এক প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পে রাজধানী প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু কেন্দ্রস্থলে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তা প্রায় অকল্পনীয়।বিবিসি প্রতিনিধি মার্ক ডয়েলে বলেন, লিওগেনে নামের ওই জায়গায় একটি ভবনও আস্ত নেই। হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে আখের খেতে।বিভিন্ন দেশ থেকে পাঠানো ত্রাণের সবই যাচ্ছে পোর্ট অব প্রিন্সে। ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই এলাকার মানুষ এখনো এক ফোঁটাও সাহায্য পায়নি। জাতিসংঘ জানিয়েছে, ওই এলাকার প্রায় শতকরা ৯০ ভাগ বাড়ি বিধ্বস্ত হয়েছে। সেখানে মারা গেছে ২০ থেকে ৩০ হাজার মানুষ।হাইতি সফরে জাতিসংঘ মহাসচিবজাতিসংঘ মহাসচিব বান কি মুনের গতকাল রোববার হাইতি সফরে যাওয়ার কথা ছিল। এদিকে বান কি মুন গত শনিবার নিশ্চিত করেছেন, হাইতিতে জাতিসংঘ মিশনের প্রধান হেদি আন্নাবি ভূমিকম্পে মারা গেছেন।এক বিবৃতিতে বান বলেন, ‘হাইতিতে আমার বিশেষ প্রতিনিধি হেনি আন্নাবির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’ তিনি আরও বলেন, মিশন উপপ্রধান লুইস কার্লোস ডি কস্তা এবং পুলিশ কমিশনার ডউগ কোটিসও মারা গেছেন। এর ফলে হাইতিতে নিহত জাতিসংঘ কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়াল ৪০ জনে। এ ছাড়া এখনো নিখোঁজ আছে ৩৩০ জন।এদিকে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাইতিতে ত্রাণ তত্পরতা সমন্বয়ের জন্য আজ মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসবে।সমৃদ্ধ ও শক্তিশালী হাইতি গড়ার ঘোষণা হিলারিরএদিকে ভূমিকম্পের পর গত শনিবার হাইতি সফরে যান হিলারি ক্লিনটন। হাইতির জনগণের উদ্দেশে গতকাল তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আপনাদের পাশে আজ আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ একই সঙ্গে তিনি জানান, হাইতি আগামীতে আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।ডোমেনিকান রিপাবলিক যাচ্ছেন প্রেসিডেন্টহাইতির পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে আহূত আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতির কাজে ডোমেনিকান রিপাবলিক যাচ্ছেন হাইতির প্রেসিডেন্ট রেনি প্রিভাল। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আন্তআমেরিকা উন্নয়ন ব্যাংক এবং ক্যারিবীয় অঞ্চলের ১৫টি দেশের সংস্থা ক্যারিবিয়ান কমিউনিটি বা ক্যারিকমের প্রতিনিধিরা ওই প্রস্তুতি বৈঠকে উপস্থিত থাকবে বলে ডোমেনিকান রিপাবলিকের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে। এএফপি, বিবিসি অনলাইন, এপি।