রাজনাথ দুই দফা বৈঠক করলেন আরএসএস প্রধানের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি রাজনাথ সিং ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবতের সঙ্গে দুবার বৈঠক করেছেন৷ প্রথমে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে নিয়ে গত শনিবার রাতে নয়াদিল্লিতে আরএসএসের কার্যালয়ে একবার বৈঠক করেন রাজনাথ৷ পরে গতকাল রোববার আবার তিনি ভগবতের সঙ্গে বৈঠক করেন৷

ওই দুই বৈঠকে নির্বাচনপরবর্তী কৌশল কী হবে, তা নিয়ে আলোচনা হয়৷ এতে ভাইয়াজি যোশীসহ আরএসএসের অন্য নেতারা উপস্থিত ছিলেন৷ লোকসভা নির্বাচনে আজ সোমবার সর্বশেষ ধাপের ভোট গ্রহণ হবে৷ গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশে শনিবার নির্বাচনী প্রচার চালান৷ পরে তিনি দিল্লিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সঙ্গে দেখা করেন৷ এরপর মোদি রাজনাথের বাসভবন হয়ে তাঁকে নিয়ে আরএসএসের কার্যালয়ে যান৷ আরএসএসের সঙ্গে মোদি ও রাজনাথের এই বৈঠকের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়৷

টুইটারে এক বার্তায় মোদি লিখেছেন, চূড়ান্ত প্রচারণায় জনতার উদ্দেশে বক্তব্য দেওয়ার পর তিনি অটলজির (বাজপেয়ি) আশীর্বাদ নিতে যান৷ তাঁর সঙ্গে দেখা করাটা সব সময়ই বিশেষ গুরুত্বপূর্ণ৷
দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদি নিজের ব্লগে লিখেছেন, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মনোনীত হওয়ার পর থেকে তিনি সারা ভারত সফর করছেন৷ জনগণের কাছ থেকে তিনি অভাবনীয় ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ৷ তাঁরা উন্নয়ন ও সুশাসনের লক্ষ্য নিয়ে ভারতের প্রতিটি কোণে মানুষের কাছে গেছেন৷ জনগণ একটি সুন্দরতর ভবিষ্যৎ চায় এবং জাতীয় গণতান্ত্রিক জোটই (এনডিএ) একমাত্র জোট, যারা এই পরিবর্তন আনতে পারে৷ পিটিআই ও সিএনএন-আইবিএন৷