রাজনাথ সিং ফের বিজেপির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নির্বাচিত হয়েছেন রাজনাথ সিং। দ্বিতীয়বারের মতো দলের নেতৃত্ব দেবেন তিনি।গতকাল বুধবার সকালে রাজধানী নয়াদিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য দলীয় প্রধান নির্বাচিত হয়েছেন রাজনাথ। তাঁর নেতৃত্বে আগামী বছর অনুষ্ঠেয় ভারতের পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে বিজেপি। রাজনাথ সকালে বিজেপির বিদায়ী সভাপতি নিতিন গড়কারির সঙ্গে এক গাড়িতেই কার্যালয়ে পৌঁছান। পরে রাজনাথ দলীয় প্রধানের মনোনয়নপত্র জমা দেন। নিতিনের বিরুদ্ধে সম্প্রতি আয়কর ফাঁকির অভিযোগ ওঠে। এ কারণে তাঁর আবার দলীয় প্রধানের পদে থেকে যাওয়ার বিরোধিতা করেন দলের অনেক জ্যেষ্ঠ নেতা। এনডিটিভির খবরে বলা হয়েছে, জ্যেষ্ঠ নেতাদের পছন্দেই রাজনাথ আবার বিজেপির সভাপতি নির্বাচিত হন। বিজেপির প্রবীণ নেতা এল কে আদভানিই বিদায়ী সভাপতির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলেন। রাজনাথকে সভাপতি করার প্রস্তাব আদভানিই দেন। পার্লামেন্টারি বোর্ডের সব সদস্য এ প্রস্তাব সমর্থন করেন। এর আগে রাজনাথ আদভানির সঙ্গে সাক্ষাৎ করেন। রাজনাথ এর আগে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিজেপির নেতৃত্ব দেন। টাইমস অব ইন্ডিয়া।