রাজনীতি-ঘনিষ্ঠ ব্যবসায়ী চক্রের মদদ নিয়েছেন ভদ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশিষ্ট ব্যবসায়ী ও কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্র রাজনীতি-ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী চক্রের কাছ থেকে সুবিধা নিয়েছিলেন। ব্যবসায় সরকারি আনুকূল্য পাওয়ার জন্যই ওই চক্রটি রবার্ট ভদ্রকে আবাসন ব্যবসায় প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিল। ভারতের দ্য হিন্দু পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০০৮ সালে। হরিয়ানা রাজ্যের আবাসন ব্যবসায়ী সত্যানন্দ ইয়াজি ও গোদাবরি ইয়াজির মালিকানাধীন প্রতিষ্ঠান ওঙ্কারেশ্বর প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেড ওই বছরের মার্চে রবার্ট ভদ্রের প্রতিষ্ঠান স্কাই লাইট হসপিটালিটির মালিকানাধীন সাড়ে তিন একর জায়গা বিক্রি করে। এর মধ্য দিয়ে আবাসন ব্যবসায়ে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠার গোড়াপত্তন করেন ভদ্র।প্রথমে বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে বলা হয়, সত্যানন্দ ইয়াজির সঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুদা এবং রাজ্যের সাবেক জ্বালানিমন্ত্রী বিনোদ শর্মার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিনোদ শর্মার ছেলে মনু শর্মা একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত আসামি। ওই হত্যা মামলার এক সাক্ষীকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে বিনোদ শর্মাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। বিনোদ শর্মার আরেক ছেলে ইনফরমেশন টিভি প্রাইভেট লিমিটেডের প্রধান। এই প্রতিষ্ঠানের অধীনে বেশ কয়েকটি গণমাধ্যম রয়েছে।দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের ফেব্রুয়ারিতে সত্যানন্দ ইয়াজি রবার্ট ভদ্রের স্কাই লাইট হসপিটালিটির নামে সাড়ে সাত কোটি রুপির একটি ব্যাংক চেক দেন। এই অর্থ জমি বিক্রির বিষয়টি একটি চুক্তিনামায় উল্লেখও করা হয়। ওঙ্কারেশ্বর প্রোপার্টিজের ২০০৮ সালের ব্যালেন্স শিটেও ওই টাকার উল্লেখ রয়েছে। স্কাই লাইটের ব্যালেন্স শিটে এটাকে ওভারড্রাফট (ব্যাংকে থেকে গচ্ছিত টাকার অতিরিক্ত যে পরিমাণ অর্থ গ্রহণ করা হয়) হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যাংক বলেছে, তারা স্কাই লাইটকে কোনো ওভারড্রাফট দেয়নি। দ্য হিন্দু।