রাজনীতি ছাড়ছেন ডেভিড মিলিব্যান্ড
যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড গতকাল বুধবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২০১০ সালে তিনি বিরোধী লেবার পার্টির প্রধান হওয়ার লড়াইয়ে তাঁর ছোট ভাই এড মিলিব্যান্ডের কাছে পরাজিত হন।নিউইয়র্কভিত্তিক জনহিতকর সংগঠন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর পদ গ্রহণের জন্য ডেভিড মিলিব্যান্ড পার্লামেন্ট সদস্যের পদ থেকে পদত্যাগ করবেন।৪৭ বছর বয়সী মিলিব্যান্ড বলেন, ভাই এডের সঙ্গে দলের নেতৃত্বের লড়াই শেষে এখন ‘নতুন চ্যালেঞ্জ গ্রহণ ও নতুনভাবে জীবন শুরুর’ সময় এসেছে। দুই ভাইয়ের মধ্যে ওই লড়াইয়ের বিষয়টি আজও তাঁদের পরিবারে এক অস্বস্তির কারণ হয়ে রয়েছে বলে মনে করা হয়।তবে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বলেন, ‘ডেভিডকে ছাড়া ব্রিটিশ রাজনীতি এক দুর্বল অবস্থানে পতিত হবে।’ এড আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে তাঁর খুব অভাব বোধ করবেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা নেতৃত্বের এক কঠিন পরীক্ষায় মুখোমুখি হয়েছিলাম। কিন্তু সময়ের পরিক্রমায় সেই প্রতিদ্বন্দ্বিতার ক্ষত সেরে উঠেছে।’এড মিলিব্যান্ড বলেন, ‘ডেভিড যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাবেন ঠিক, কিন্তু আমি জানি, আমার যখনই কোনো সমর্থন বা পরামর্শ প্রয়োজন হবে, তিনি সেখান থেকেই তা আমাকে দেবেন।’২০১০ সালের সাধারণ নির্বাচনে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন পরাজিত হওয়ার পর লেবার পার্টির প্রভাবশালী নেতা ডেভিড মিলিব্যান্ডকে ওই পদের ভবিষ্যৎ প্রার্থী হিসেবে বিশেষভাবে দেখা হচ্ছিল। কিন্তু ওই বছরই লেবার পার্টির প্রধান হওয়ার দৌড়ে এডের কাছে পরাজিত হওয়ার পর তাঁর সেই সম্ভাবনা মিলিয়ে যায়। এএফপি ও বিবিসি।