রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধ মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফকে রাজনীতি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির একটি আদালত।এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় তাঁর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন অপর একটি আদালত। মামলায় তাঁকে ১৪ দিনের রিমান্ডের (পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ) নির্দেশ দেওয়া হয়। এ কারণে আসন্ন সাধারণ নির্বাচনের দিনও তাঁকে গৃহবন্দী থাকতে হবে।সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে রাজনীতি থেকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে গত সোমবার পেশোয়ার হাইকোর্ট (পিএইচসি) এক আদেশ দেন। জাতীয় পরিষদের নির্বাচনে চিত্রল আসন (এনএ-৩২) থেকে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা মোশাররফের আপিল শুনানির জবাবে এই আদেশ দেওয়া হয়।পিএইচসির প্রধান বিচারপতি দোস্ত মোহাম্মদ খানের নেতৃত্বে চার সদস্যের বিচারকের এক বেঞ্চ ওই আপিল শুনানি করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মালিক মানজুর, বিচারপতি সৈয়দ আফসার শাহ ও বিচারপতি ইকরামুল্লাহ। বেঞ্চ তাঁর আদেশে বলেন, মোশাররফ দুবার দেশের সংবিধান রদ করেন। অবৈধভাবে এ কাজ করায় তিনি আর কখনোই জাতীয় পরিষদ, সিনেট ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি পাবেন না।এই সিদ্ধান্ত ঘোষণা করে প্রধান বিচারপতি বলেন, মোশাররফ অবৈধভাবে জরুরি অবস্থাও জারি করেন। তা ছাড়া, লক্ষ্যবস্তু বানান বিচার বিভাগকে। এসব কারণে আদালত অবসরপ্রাপ্ত এই জেনারেলের বিরুদ্ধে ওই আজীবন নিষেধাজ্ঞা জারি করছেন।বেঞ্চ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মোশাররফের করা ওই আপিলও খারিজ করে দেন।ওদিকে গতকাল মঙ্গলবার বেনজির হত্যা মামলায় মোশাররফের বিরুদ্ধে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গ্যারিসন নগর রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত। ২০০৭ সালের নভেম্বরে শীর্ষস্থানীয় বিচারকদের গৃহবন্দী করার ঘটনার মামলায় এর আগে মোশাররফকে দুই সপ্তাহের বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দেন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত। এই রিমান্ডের মেয়াদ শেষ হবে ৪ মে। ২০০৭ সালে আততায়ীর গুলি ও বোমা হামলায় বেনজির নিহত হন।কর্মকর্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেনজির হত্যা মামলায় মোশাররকে গতকাল ১৪ দিনের রিমান্ডের নির্দেশ দেন রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত। এর ফলে ১১ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের দিন তাঁকে গৃহবন্দী থাকতে হবে।নির্বাচনে অংশ নিতে মোশাররফ চার বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে গত মাসে দেশে ফেরেন। এএফপি।