রাজনীতি বা প্রতিবাদ নয় এটা লুটপাট: ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে চার দিনের সহিংসতাকে লুটপাট বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, ‘এই সহিংসতা কোনো রাজনীতি বা প্রতিবাদ নয়, এটা চুরি ও লুটপাট।’ সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ ভুল কৌশল নেয় বলেও উল্লেখ করেন তিনি।গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের জরুরি অধিবেশনে সহিংসতা নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী ক্যামেরন। এর আগে তিনি সরকারি জরুরি কমিটি ‘কোবরা’র সঙ্গে বৈঠক করেন।এদিকে কয়েক দিনের সহিংসতার পর গতকাল লন্ডনে স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। অনেক এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ লন্ডনের ঘরে ঘরে তল্লাশি শুরু করেছে।প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, সহিংসতা নিয়ন্ত্রণে আনতে তিনি সেনাবাহিনী তলব করার কথা বিবেচনা করছিলেন। কারফিউ জারিরও সম্ভাবনা ছিল। পরে পুলিশবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়। তিনি বলেন, বিশ্ববাসীর সামনে আমাদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। বিশ্ববাসী যেভাবে লন্ডনকে দেখেছে, সেটা আমাদের আসল চিত্র নয়। ২০১২ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে লন্ডনকে আরও ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে।কয়েক দিন বন্ধ থাকার পর লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের বড় বড় বিপণিবিতান গতকাল খোলা হয়। ইয়েলিং এলাকার অনেক ব্যবসায়ী তাঁদের দোকান খোলে। জ্বালিয়ে দেওয়া অনেক দোকান মেরামত শুরু হয়েছে।ইয়েলিংয়ের নামি অর্গানিক ক্যাফে ফার্ম ডব্লিউ-৫ গতকাল খুলে দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হুসেন হাগ জানান, তাঁরা সেবা দেওয়া শুরু করেছেন। তিনি বলেন, এই এলাকায় দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। ইয়েলিংয়ের বাসিন্দা ৬৪ বছর বয়সী হেলেন ব্রুক বলেন, ‘এখন কিছুটা স্বাভাবিক মনে হলেও এখানকার বাসিন্দারা ভীত। কারণ, পুলিশ সরে গেলে আবারও সহিংসতার আশঙ্কা করছি আমরা।’সহিংসতা ছড়িয়ে পড়া অন্য শহরগুলোতে পরিস্থিতির উন্নতি হয়েছে।সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে লন্ডনের ঘরে ঘরে তল্লাশি করছে পুলিশ। ইতিমধ্যে শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মহানগর পুলিশের উপসহকারী কমিশনার স্টিভ কাভানাগ জানান, সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বৃহস্পতিবার সকালে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করা হয়েছে। শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পুলিশ এই উদ্যোগ নিয়েছে।পুলিশ সূত্র জানায়, শুধু লন্ডনে ৮৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য শহরগুলো থেকে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সহিংসতা নিয়ন্ত্রণে লন্ডনে ১৬ হাজার পুলিশ মোতায়েন রয়েছে।৪ আগস্ট লন্ডনের টটেনহামের বাসিন্দা কৃষ্ণাঙ্গ যুবক মার্ক ডুগান একটি ট্যাক্সিক্যাবে করে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। পুলিশ ওই ট্যাক্সি থামিয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে ডুগানের বাদানুবাদ হয়। এ সময় পুলিশ গুলি ছুড়লে ডুগান নিহত হন। এর প্রতিবাদ জানাতে ৬ আগস্ট টটেনহামের একটি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। একপর্যায়ে পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার সংঘর্ষ বাধে। শুরু হয় সহিংসতা। পরে তা বিভিন্ন নগরে ছড়িয়ে পড়ে। এএফপি, বিবিসি।