রাজনীতি মধ্যবিত্তের জন্য উন্মুক্ত করতে চান চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ বলেছেন, তিনি তাঁর সমাজতান্ত্রিক রাজনৈতিক প্রকল্প মধ্যবিত্ত শ্রেণী ও বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করতে চান। গতকাল শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।তবে চাভেজের এক সময়কার মিত্র ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইসাইয়াস বাদুয়েল বলেছেন, চাভেজ আজীবন প্রেসিডেন্ট থাকার ষড়যন্ত্র করছেন।ভাষণে চাভেজ বলেন, এখন তাঁর দিন আরও বেশি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে। গত শুক্রবার চাভেজের ৫৭তম জন্মদিন উদ্যাপিত হয়। এদিন তিনি তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, নিকট-ভবিষ্যতে তাঁর দায়িত্ব ত্যাগ করার কোনো ইচ্ছা নেই। সম্প্রতি চাভেজ কিউবায় ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। তবে আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা আছে তাঁর। চাভেজ বলেন, টিউমারের চিকিৎসা তাঁকে আরও বৈচিত্র্যের দিকে নিয়ে গেছে। আরও বেশি চিন্তার খোরাক জুগিয়েছে। এ সময় তিনি তাঁর সমর্থকদের বিভেদ ও অন্ধবিশ্বাস বর্জন করার পরামর্শ দেন।ভেনেজুয়েলার নেতা বলেন, তাঁর রাজনৈতিক প্রকল্পের শক্তি হচ্ছে বেসরকারি খাত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তিনি বলেন, এটা লজ্জার বিষয় যে ভেনেজুয়েলার কিছু কর্মকর্তা এসব গোষ্ঠীকে উন্মুক্ত করার পদক্ষেপের সমালোচনা করেছেন। ‘রাউল কাস্ত্রো আত্মসমালোচনা প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন’ উল্লেখ করে চাভেজ বলেন, কিউবার প্রেসিডেন্টের করা সংস্কার থেকে ভেনেজুয়েলা শিক্ষা নিতে পারে। ওই সংস্কারের আওতায় কিউবার বেসরকারি খাতকে কিছু ছাড় দেওয়া হয়েছে।১৯৯৯ সালে হুগো চাভেজ ভেনেজুয়েলার ক্ষমতা গ্রহণ করেন। এ সময় সাবেক জেনারেল ইসাইয়াস বাদুয়েল সরকারে যোগ দেন। ২০০২ সালে বাদুয়েল সামরিক অভ্যুত্থানচেষ্টার পরিপ্রেক্ষিতে বামপন্থী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার অভিযানে নেতৃত্ব দেন।রাজধানী কারাকাসের বাইরে রামো ভার্দে কারাগার থেকে বার্তা সংস্থা এএফপিকে অবসরপ্রাপ্ত জেনারেল বাদুয়েল বলেন, ‘১৯৮২ সালে আমি ও চাভেজ প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিরামহীনভাবে কাজ করার অঙ্গীকার করেছিলাম। কিন্তু চাভেজ সেই অঙ্গীকারের কথা ভুলে আজীবন প্রেসিডেন্ট থাকার চেষ্টা চালাচ্ছেন।’ বাদুয়েল ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। ২০১০ সালে তাঁকে প্রায় আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে চাভেজ শুক্রবার ভেনেজুয়েলার জন্য তেলের কোটা বাড়ানোর জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের প্রতি আহ্বান জানিয়েছেন। বর্তমানে ভেনেজুয়েলার জন্য প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেলের কোটা রয়েছে। তবে দেশটি আগামী বছরগুলোতে ওরিনোকো যৌথ প্রকল্পের আওতায় আরও বেশি তেল উত্তোলন করবে বলে আশা করছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।