রাজনীতিতে আসছেন বখতাওয়ার
পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মেয়ে বখতাওয়ার রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত দেশের নারীদের জন্য একটি শুভ লক্ষণ বলে মনে করছে অনেকে। এদিকে বেনজিরের ছেলে বিলাওয়াল ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান হিসেবে থাকলেও সহসা তিনি রাজনীতিতে আসছেন না বলে জানিয়েছেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার চেয়ে বরং পড়াশোনা চালিয়ে যাওয়াই ভালো মনে করছেন তিনি।সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও ভুট্টো-জারদারি পরিবারের শুভাকাঙ্ক্ষী শর্মিলা ফারুকি এক বিবৃতিতে বলেন, বখতাওয়ারের রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত শুভ লক্ষণ, বিশেষ করে দেশের নারীদের জন্য। তিনি বলেন, রাজনীতিতে তাঁর আগমন গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের জন্য ভালো হবে, যাঁরা জনগণকে ভালোবাসেন। সুরেলা কণ্ঠের জন্য এর মধ্যে সুনাম কুড়িয়েছেন বখতাওয়ার। ফারুকি বলেন, মহান মায়ের বিশেষ দায়িত্ব বহন করে সামনে নিয়ে যেতে চান তিনি। সমাজের পিছিয়ে পড়া নিপীড়িত মানুষের জন্য তিনি কাজ করতে চান। ফারুকি দাবি করেন, সে দিন আর বেশি দূরে নয়, যে দিন বখতাওয়ার গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কথা বলবেন এবং জাতীয় উন্নয়নে নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করবেন।গত বৃহস্পতিবার বিলাওয়াল ঘোষণা করেন, শনিবার ব্রিটেনের এক সভা থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবন শুরু করার কোনো ইচ্ছা নেই তাঁর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি রাজনীতি বিষয়ে পড়াশোনা চালিয়ে যেতে চান। ব্রিটেনের বার্মিংহামে পিপিপির এক সমাবেশে বিলাওয়ালের ভাষণ দেওয়া নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ব্যাপারে তিনি বলেন, ‘খবরটি সত্য নয়। আমি তো বার্মিংহামের ওই সমাবেশে যাচ্ছিই না। এর চেয়ে বরং আমি লন্ডনে পাকিস্তান দূতাবাসে একটি অনুদান তহবিল উদ্বোধন করব। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের উত্তরাঞ্চলের মানুষের জন্য এই তহবিল খোলা হবে।’ পিটিআই।