রাজনীতিতে আসছেন বিলাওয়াল ভুট্টো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসছেন। আজ বৃহস্পতিবার তাঁর মা বেনজির ভুট্টোর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালনের মধ্য দিয়ে তিনি রাজনীতির মাঠে পা রাখছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ঘনিষ্ঠ সূত্র জানায়, সিন্ধু প্রদেশের নাওদেরার কাছে গারহি খোদা বক্সে অনুষ্ঠেয় বৈঠকের মাধ্যমে বিলাওয়াল সক্রিয় রাজনীতিতে প্রবেশ করবেন। এ ছাড়া বিলাওয়াল আগামী বছরের সাধারণ নির্বাচনে পিপিপির প্রচারণায় অংশ নেবেন। এ বৈঠকে বিলাওয়াল ও তাঁর বাবা আসিফ আলী জারদারি বক্তব্য দেবেন। ধারণা করা হচ্ছে, আজ এ অনুষ্ঠানে জারদারি আগামী সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। তবে সূত্র জানায়, এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় পরিষদ বা পার্লামেন্টের নিম্নকক্ষের পাঁচ বছর পূর্ণ হবে আগামী মার্চে। পিপিপির নেতারা ইঙ্গিত দিয়েছেন, আগামী এপ্রিল বা মে মাসে সাধারণ নির্বাচন হতে পারে। একই সঙ্গে চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন হবে। পিটিআই।