
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির বিষয়ে মন্তব্যের জের ধরে অমর্ত্য সেনের ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার দাবি তোলা সঠিক হয়নি বলে মন্তব্য করেছে শিবসেনা। অবশ্য, সংগঠনটি অমর্ত্যকে রাজনীতিতে ‘নাক না গলানোর’ পরামর্শও দিয়েছে।

ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ নোবেলজয়ী অমর্ত্য সেন সম্প্রতি মন্তব্য করেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চান না। কারণ, দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের নিরাপদ ভাবতে পারে, তিনি এ বিষয়ে যথেষ্ট কিছু করেননি। ওই মন্তব্যের পর বিজেপির সাংসদ চন্দন মিত্র অমর্ত্য সেনের ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার দাবি তোলেন। ‘ভারতরত্ন হচ্ছে’ দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় থাকাকালেই ১৯৯৯ সালে অমর্ত্য সেনকে এই পদক দেওয়া হয়েছিল। হিন্দু জাতীয়তাবাদীসংগঠন শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে সংগঠনটির মুখপত্র সামানা পত্রিকায় গতকাল শুক্রবার প্রকাশিত এক সম্পাদকীয়তে বলেন, ‘সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং তাঁর ভারতরত্ন পদক কেড়ে নেওয়ার দাবি ওঠা ঠিক নয়।’ তিনি আরও বলেন, অমর্ত্য সেন একজন অথর্নীতিবিদ। কিন্তু তিনি প্রকৃতপক্ষে কী করেছেন, সে বিষয়ে দেশের গরিব মানুষ নিশ্চিত নয়। দেশের অর্থনীতির অবস্থা খারাপ, দ্রব্যমূল্য বাড়ছে; বাড়ছে দারিদ্র্যও। মোদি এটা করেননি। আবার একজন নোবেলজয়ী হয়েও অমর্ত্য সেনের কাছে এর কোনো ওষুধ নেই। ঠাকরে প্রশ্ন রাখেন, ‘জনগণ যদি সেনকে বলেন, আপনি আপনার কাজ সঠিকভাবে করুন এবং রাজনীতিতে নাক গলানো থেকে নিজেকে বিরত রাখুন, তাহলে তাঁর কাছে কী উত্তর রয়েছে?’ পিটিআই।