রাজনীতিতে ফিরছেন টনি ব্লেয়ার
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া, এখনই তাঁর রাজনীতিতে ফেরার উপযুক্ত সময় বলেও তিনি বিশ্বাস করেন। ব্লেয়ারের ঘনিষ্ঠ সহযোগীদের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী জুলাইয়ে অলিম্পিক গেমস উদ্যাপনের একটি অনুষ্ঠানে টনি ব্লেয়ার লেবার পার্টির বর্তমান নেতা এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে যৌথভাবে হাজির হবেন। আর এর মধ্য দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী ব্রিটিশ রাজনীতিতে নতুন করে তাঁর প্রভাব বিস্তার করার ব্যাপারে দারুণ আশাবাদী।পাঁচ বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়েছেন টনি ব্লেয়ার। এর পর থেকে এখন পর্যন্ত তিনি প্রায় দুই কোটি ব্রিটিশ পাউন্ডের সমপরিমাণ অর্থের একটি বড়সড় তহবিল গঠনে সমর্থ হয়েছেন। রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার ক্ষেত্রে এ অর্থ তিনি কাজে লাগাতে চান। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনমতের সঙ্গে বোঝাপড়ায় তিনি এরই মধ্যে ডাউনিং স্ট্রিট ও হোয়াইট হলের সাবেক তথ্য কর্মকর্তা র্যাচেল গ্র্যান্টকে তাঁর জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দিয়েছেন। গ্র্যান্ট বর্তমানে ন্যাশনাল এনডোমেন্ট ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড দ্য আর্টসের (নেসটা) যোগাযোগ পরিচালক হিসেবে কর্মরত।দ্য ডেইলি মেইল পত্রিকা জানায়, যুক্তরাজ্যের রাজনীতিতে ব্লেয়ারের ফিরে আসার এখনই সঠিক সময়। ইরাকযুদ্ধ নিয়ে বিতর্কের ঘোরপাকের মধ্যে ২০০৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগের পর তিনি অনেকটা সময় পার করেছেন। এএনআই।