রাজনীতিতে ফিরে আসার পথ সুগম হলো সু চির
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনীতিতে ফেরার বাধা দূর হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রাজনৈতিক দল-সম্পর্কিত আইনের সংশোধন অনুমোদন দেওয়ায় এ পথ সুগম হলো। রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল শনিবার এ কথা জানায়।মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকাআহলিন-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট থেইন সেইন প্রধান একটি সংশোধনীর অনুমোদন দিয়েছেন। সংশোধনীতে ২০০৮ সালের সংবিধান সব দলকে অবশ্যই ‘সংরক্ষণ’ করতে সম্মত হতে হবে—এমন শর্ত বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে ‘সম্মান ও অনুগত’ শব্দগুলো লেখা হয়েছে। অর্থগতভাবে এ পরিবর্তন খুবই সামান্য। তবে এতে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংবিধানের সমালোচনা বা সংশোধনের জন্য পরামর্শ দিতে পারবে।নতুন সংশোধিত আইনে কারাবন্দীরা রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না—এমন বিতর্কিত শর্তটিও বাদ দেওয়া হয়েছে। ওই শর্তের কারণে গত বছরের নির্বাচন বর্জন করে সু চির দল। কারণ, ওই শর্তের অধীনে নির্বাচন করতে হলে এনএলডিকে সু চিসহ দলের অন্য কারাবন্দী সদস্যদের দল থেকে বহিষ্কার করতে হতো।এনএলডি সংশোধিত এ আইনকে স্বাগত জানিয়েছে। তবে এনএলডির মুখপাত্র নিয়ান উইন দল পুনরায় নিবন্ধন করবে কি না এবং এ বছরের শেষ দিকে সম্ভাব্য অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি না, সে ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। উইন বলেন, ‘আমরা এ সংশোধনী পছন্দ করেছি। তবে এ আইনের আরও সংশোধন করা উচিত বলে আমরা মনে করি। আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে কাল সোমবার দলের মধ্যে আলোচনা করব।’মিয়ানমারের নতুন সরকার গত সেপ্টেম্বরে জানিয়েছিল, তারা সু চি ও তাঁর দলের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। তবে তাদের আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আবারও প্রবেশ করতে হবে।গত নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান নোবেলজয়ী সু চি। সু চি বলেছিলেন, রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের ওপর ভিত্তি করে তিনি দলের পুনরায় নিবন্ধনের ব্যাপারে জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে আলোচনা করবেন। এএফপি।