রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন মোশাররফ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, তাঁর দেশের ভোটাররা চাইলে তিনি পাকিস্তানের রাজনীতিতে আবারও ফিরবেন। সাবেক এ সেনাশাসক আরও বলেন, দেশকে দারুণ ভালোবাসেন তিনি। মাতৃভূমির জন্য যেকোনো কিছু করতে রাজি আছেন তিনি। স্বেচ্ছানির্বাসিত মোশাররফ লন্ডনের গবেষণাপ্রতিষ্ঠান ক্যাথাম হাউসকে এসব কথা জানান।মোশাররফ বলেন, ‘এখন আমি একজন সাধারণ নাগরিক। সেনাবাহিনীর লোক নই।’ তিনি আরও বলেন, আমাকে পাকিস্তানের ক্ষমতায় যেতে হলে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। জনগণের ভোটে জিততে হবে।’ রাজনীতিতে ফেরার বাসনা প্রকাশ করে তিনি বলেন, ‘ভোটাররা চাইলে নিশ্চয়ই রাজনীতিতে ফিরব। এ ব্যাপারে জনগণের সিদ্ধান্তই বড় কথা।’পারভেজ মোশাররফ ২০০৭ সালে ক্ষমতায় থাকার সময় অন্যায়ভাবে ৬০ জন বিচারককে বরখাস্ত করেন। সেনা উর্দি পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না, সুপ্রিম কোর্টের এমন রায়ের পরিপ্রেক্ষিতে মোশাররফ তাঁদের বরখাস্ত করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ অন্য বিচারকদের আটক রাখেন তিনি। বিচারকদের অবৈধভাবে আটক ও বরখাস্ত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে করা মামলার শুনানিতে অংশ নিতে তিনি স্বদেশে ফিরবেন কি না—এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি মোশাররফ। পিটিআই অনলাইন।