রাজনীতির মাঠে কাদির খান
পাকিস্তানের রাজনীতির মাঠে নামছেন দেশটির পারমাণবিক বোমার জনক বিশিষ্ট বিজ্ঞানী আবদুল কাদির খান। ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছেন তিনি। শিগগিরই তিনি দেশব্যাপী প্রচারণায় নামছেন। তাঁর দলের লক্ষ্য, তরুণ ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টি করা, ভোটের মাধ্যমে দেশে পরিবর্তন আনা।এমন এক সময়ে কাদির খান রাজনীতিতে আসছেন, যখন দেশটিতে এক অস্থির রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করা নিয়ে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষকে চিঠি না দেওয়ায় ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী রাজা পারভেজের বিরুদ্ধেও একই পথ অনুসরণ করছেন দেশটির সর্বোচ্চ আদালত। সব মিলিয়ে অস্থির এক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই দেশটির সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে।কাদির খানের নতুন রাজনৈতিক দলটির নাম তেহরিক-ই তাহাফুজ পাকিস্তান (টিটিপি)। গত জুলাই মাসে দলটি প্রতিষ্ঠা করা হয়। কাদির খান গত সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, ‘কাকে ভোট দেওয়া যায়, আর কাকে ভোট দেওয়া যায় না, এ বিষয়ে তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করতে চায় টিটিপি। আমি আগামী নির্বাচনে সৎ ব্যক্তিদের নির্বাচিত করতে এবং দেশকে টিকিয়ে রাখার পক্ষে দাঁড়াতে তরুণদের প্রতি আহ্বান জানাব।’প্রতিশ্রুতি পূরণে প্র্রথাগত দলগুলোর ব্যর্থতার কথা উল্লেখ করে কাদির খান জানান, তিনি দলের প্রচারণার সময় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-নওয়াজ) মতো প্রথাগত দলগুলোকে ভোট না দিতে তরুণদের প্রতি আহ্বান জানাবেন।কাদির খান পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান সাবেক ক্রিকেটার ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও নিউজ পাকিস্তান।