ভদ্রকে নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে মুখ খুললেন প্রিয়াঙ্কা
রাজনৈতিক কারণে আমার স্বামীকে অপদস্থ করা হচ্ছে

স্বামী রবার্ট ভদ্রের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে এই প্রথম মুখ খুললেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। তিনি বলেছেন, বিরোধীরা রাজনৈতিক কারণে তাঁর স্বামীকে অপদস্থ করছেন।
প্রিয়াঙ্কা গতকাল মঙ্গলবার তাঁর মা সোনিয়ার আসন উত্তর প্রদেশ রাজ্যের রায়বেরেলিতে লোকসভা নির্বাচনের প্রচারণা চালান। সেখানে একটি জনসভায় তিনি বলেন, ‘আমার পরিবার, আমার স্বামী সম্পর্কে অনেক কটু কথা বলা হচ্ছে। তাঁরা আমার পরিবারকে অপদস্থ করার চেষ্টা করছেন।’
সোনিয়াকে ভোট দিতে লোকজনের প্রতি আহ্বান জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘তাঁরা আমাদের যতই অপদস্থ করার চেষ্টা করবেন, আমরা ততই শক্তিশালী হব। ওই সব আক্রমণ আমাকে ব্যথিত করছে। তবে আমি ইন্দিরা গান্ধীর (প্রিয়াঙ্কার দাদি ও সাবেক প্রধানমন্ত্রী) কাছ থেকে শিখেছি, সত্য সব সময় আত্মবিশ্বাস বাড়ায়। আমি আমার সন্তানদের বলি, একদিন সত্যের জয় হবে।’
বিরোধীরা অভিযোগ করে আসছে, প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রকে হরিয়ানা রাজ্যে আবাসন ব্যবসায় অবৈধভাবে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এই সুযোগে তিনি অল্প সময়ে অগাধ সম্পদের মালিক বনে গেছেন। বিষয়টি কংগ্রেসকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। কেননা ওই রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস সরকার।
বিজেপি নেত্রী উমা ভারতী গত সোমবার বলেছেন, যখন আমার হাতে ক্ষমতা আসবে, তখন জামাইবাবুকে কারাগারে ঢোকানো হবে। বিজেপির আরেক নেতা অরুণ জেটলি বলেছেন, বিজেপি ক্ষমতায় গেলে রবার্ট ভদ্রকে নিষ্কৃতি দেওয়া হবে না। তাঁকে প্রতিহিংসার শিকারও বানানো হবে না।
রবার্ট ভদ্রকে নিয়ে কথা বলতে ছাড়েননি বিরোধী দল ভারতীয় বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্প্রতি ভদ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি ব্যাখ্যা দাবি করেছেন।
আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালও ভদ্রের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, রবার্ট ভদ্রের স্বার্থরক্ষা করে জমি নিয়ে চুক্তি করতেই হরিয়ানা রাজ্য সরকার আইনের পরিবর্তন করেছিল। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।