জাপানের পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা পদত্যাগ করেছেন। আইন লঙ্ঘন করে বিদেশি নাগরিকের কাছ থেকে নির্বাচনের সময় অনুদান নেওয়ার অভিযোগ স্বীকার করার পর গতকাল সোমবার তিনি দায়িত্ব থেকে সরে যান। এদিকে মায়েহারার পদত্যাগে প্রধানমন্ত্রী নাওতো কানের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। তবে প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হওয়ার আগে কোনো অবস্থাতেই তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।সম্প্রতি জাপানের বিরোধী দল অভিযোগ তোলে, সেইজি মায়েহারা নির্বাচনে অংশ নেওয়ার সময় অনুদান হিসেবে এক কোরীয় নারীর কাছ থেকে ৫০ হাজার ইয়েন (৬১০ মার্কিন ডলার) নেন। অর্থের পরিমাণ নগণ্য হলেও জাপানের আইন অনুযায়ী তা বড় ধরনের অন্যায়। জাপানের আইন অনুযায়ী নির্বাচনে দাঁড়িয়ে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিকের কাছ থেকে অনুদান নিতে পারেন না। মূলত অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ ঠেকাতে এ আইন করা হয়।গত শুক্রবার মায়েহারা স্বীকার করেন, তিনি তাঁর পরিচিত এক কোরীয় নারীর কাছ থেকে ওই অর্থ নিয়েছিলেন। কোরিয়া যখন জাপানের উপনিবেশভুক্ত ছিল, তখন থেকে কিছু কোরীয় বংশোদ্ভূত মানুষ জাপানে বাস করে আসছে। কোরিয়া স্বাধীন হলেও ওই জনগোষ্ঠী জাপানেই রয়ে যায়। তারা এখনো জাপানের নাগরিকত্ব পায়নি। মায়েহারা জানান, তিনি এ রকম একজন কোরীয় নারীর কাছ থেকেই ওই অনুদান নেন। তবে তিনি বলেছেন, এতে আইন লঙ্ঘিত হয়েছে কি না, সে সময় তিনি তা বুঝতে পারেননি। এদিকে মায়েহারার পদত্যাগে আরও এক দফা চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নাওতো কান। ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির অত্যন্ত প্রভাবশালী নেতা মায়েহারাকে নাওতো কানের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অস্থায়ী ভিত্তিতে প্রধান কেবিনেট সেক্রেটারি ইউকিও এদানো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের পর অনেকেই মনে করছেন, ‘সংকটপূর্ণ এ পরিস্থিতিতে কান সরকারের পতন ঘটতে পারে। শুধু তাই নয়, জাপানে ডেমোক্র্যাটিক পার্টির শাসনেরও অবসান হতে পারে।’সম্প্রতি অর্থনৈতিক নীতি বিষয়ে প্রধানমন্ত্রী নাওতো কান বিরোধীদের চাপের মুখে পড়েন। বিরোধী দল তাঁর পদত্যাগ ও আগাম নির্বাচন দাবি করে আসছে। তবে প্রধানমন্ত্রী গতকাল পার্লামেন্টে ঘোষণা দেন, ২০১৩ সালে তাঁর মেয়াদ শেষ হবে। ওই মেয়াদের শেষদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। তবে বিরোধীরা হুমকি দিয়ে বলেছে, তিনি ক্ষমতা না ছাড়লে আগামী বাজেট বিল তারা আটকে দেবে। নির্দিষ্ট মেয়াদের আগে কানকে ক্ষমতা ছাড়তেই হবে বলে তারা মনে করে।সরকারের কাঁধ থেকে ঋণের বোঝা কমানোর জন্য আগামী এপ্রিলে নাওতো কানের সরকার এক ট্রিলিয়ন ডলারের একটি সংকোচনমুখী বাজেট পার্লামেন্টে পেশ করতে যাচ্ছে। ওই বাজেটে সরকারি ব্যয় কমিয়ে জনগণের ওপর ট্যাক্স বাড়ানোর প্রস্তাব করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্লেষকেরা মনে করছেন, বিরোধী দল যদি সরকারকে এ বাজেট বাস্তবায়নে সহযোগিতা না করে তাহলে নাওতো কান বড় সংকটে পড়বেন। রয়টার্স, ডেইলি মেইল ও বিবিসি অনলাইন।