ইরাকে সরকার গঠনে রাজনৈতিক জোটের ওপর চাপ সৃষ্টি করতেই বাগদাদে ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাগদাদের গভর্নর সালাহ আবদুল রাজ্জাক। ওই হামলার পর ইরাক আল-কায়েদার বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে। গত মঙ্গলবার বাগদাদে ছয়টি বোমা হামলায় ৩৫ জন নিহত হয়। এর দুই দিন আগে বিদেশি দূতাবাসের সামনে হামলায় নিহত হয় কমপক্ষে ৩০ জন। গভর্নর রাজ্জাক বলেন, অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এ হামলা চালানো হয়েছে। একটি বিশেষ জোটের পক্ষ নিয়ে এটা করা হয়েছে। তবে কোনো জোটের নাম উল্লেখ করেননি তিনি। এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।তাঁর এই বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী হোসাইয়ার জাবেরির বক্তব্যেরই প্রতিফলন ঘটেছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জাবেরি আশঙ্কা প্রকাশ করেন, সরকার গঠনের আগে পর্যন্ত অন্তর্বর্তী সময়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হামলা বাড়িয়ে দেবে সন্ত্রাসীরা।বাগদাদের নিরাপত্তাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাসিম আত্তা আল আরাবিয়া টেলিভিশনে বলেন, ‘আমরা যুদ্ধের মধ্যেই আছি। তার পরও আল-কায়েদা ও সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাথ পার্টির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ইরাকের বাইরে থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে। ইরাকে তারা রাজনৈতিক প্রক্রিয়ার সাফল্য দেখতে চায় না। ইরাকে পার্লামেন্ট নির্বাচনের পর বিভিন্ন জোট সরকার গঠনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ৭ মার্চ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এএফপি।