নাইজেরিয়ার নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়িংকা নির্বাচন সামনে রেখে একটি নতুন রাজনৈতিক দলের সূচনা করেছেন। দলটির নাম রাখা হয়েছে ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিপলস ফেডারেশন (ডিএফপিএফ)। সোয়িংকা গত শনিবার আত্মপ্রকাশ করা এ দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।দুর্নীতি দমনসহ তরুণ ভোটারদের আশা জাগানো বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন সোয়িংকা। তিনি বলেছেন, ডিএফপিএফ গণতন্ত্র রক্ষায় পুরোভাগে থেকে কাজ করবে।হতাশাগ্রস্ত তরুণেরা এই দলের ছায়ায় এলে প্রশান্তি খুঁজে পাবেন বলে উল্লেখ করেন খ্যাতিমান এ সাহিত্যিক। দেশের বর্তমান অবস্থায় হতাশা প্রকাশ করে সোয়িংকা বলেন, ‘দুর্নীতির করাল গ্রাসে নাইজেরিয়ার প্রতিষ্ঠানগুলো আজ নিঃস্ব ও ধ্বংসপ্রায়। দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছে। এখন আইনপ্রণেতারা অর্থ ছাড়া কিছুই বোঝেন না।১৯৬০ সালে ব্রিটেনের শাসন থেকে স্বাধীনতা লাভ করে নাইজেরিয়া। সেই থেকে পশ্চিম আফ্রিকার এই দেশটি প্রায়ই সামরিক শাসনের কবলে পড়ছে। সোয়িংকা সামরিক শাসনের একজন কড়া সমালোচক।দেশটির সাবেক স্বৈরশাসক ইব্রাহিম বাবাঙ্গিদা ও মুহাম্মাদু বুহারি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন বলে খবর বেরিয়েছে। সোয়িংকা এসব সামরিক শাসকের কড়া সমালোচনা করে বলেন, ‘আমরা দুঃস্বপ্নের মধ্যে দিন কাটাচ্ছি।’আগামী বছরের গোড়ার দিকে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৮৬ সালে প্রথম আফ্রিকান হিসেবে সাহিত্যে নোবেল পান ওলে সোয়িংকা। এএফপি।