রাজনৈতিক দলের তহবিল জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের এলাহাবাদ হাইকোর্টের লক্ষেৗ বেঞ্চ অভিমত দিয়েছেন যে কংগ্রেস, বিজেপি ও অন্য দলগুলোর বিদেশ থেকে আসা তহবিলের বিষয়টি জনস্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। এই পর্যবেক্ষণের ভিত্তিতে ওই বেঞ্চ এ বিষয়ে তদন্তের দাবি করে দাখিল করা একটি আবেদনকে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় রূপান্তরিত করেছেন।
এলাহাবাদ হাইকোর্ট আজ বুধবার এ ব্যাপারে শুনানির নির্দেশ দিয়েছেন। আম আদমি পার্টির (এএপি) সদস্য ও সমাজকর্মী নতুন ঠাকুরের আবেদনের ভিত্তিতে আদালত এ নির্দেশ দেন।
উচ্চ আদালতের এ নির্দেশটি ভারতের ছোট-বড় সব দলের নির্বাচনী তহবিলের স্বচ্ছতার অভাবের ওপর নতুন করে আলোকপাত করল। দুই প্রধান দল কংগ্রেস ও বিজেপি উভয়েই দেশি-বিদেশি নির্বাচনী তহবিলের উৎস প্রকাশ করার আহ্বান এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আসছে।
সম্প্রতি গঠিত এএপি একমাত্র দল হিসেবে তাদের আয়ের উৎস জনসমক্ষে প্রকাশ করেছে। কৌতূহলকর বিষয় হচ্ছে, সরকার এই দলটিরই বিদেশি তহবিলের বিষয়ে তদন্ত শুরু করেছে। বিশেষ করে প্রবাসী ভারতীয়দের কাছ থেকে আসা অর্থের বিষয়ে।
এএপির সদস্য নুতন ঠাকুর তাঁর দলের বিরুদ্ধে অভিযোগ তদন্তের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে একতরফা আখ্যায়িত করে আবেদনে বলেন, কংগ্রেস, বিজেপিসহ অন্য দলগুলোর বিরুদ্ধেও তদন্ত করতে হবে।
নুতন ঠাকুরের আবেদনের শুনানির পর বিচারপতি দেবী প্রসাদ সিং ও বিচারপতি অশোক পাল সিং বলেন, এ আবেদনটি শুধু আবেদনকারীর বিষয় নয় বরং বৃহত্তর জনঘনিষ্ঠ বিষয় এবং এ কারণে এটি একটি জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা।
নুতন ঠাকুর বলেন, ২০১২ সালের ২৬ অক্টোবর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে ২০১০ সালের বিদেশি চাঁদা নিয়ন্ত্রণবিষয়ক আইন (এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগ করেন। তখনো তিনি এএপিতে যোগ দেননি। সে বছরের ১৭ অক্টোবর সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে তিনি ওই অভিযোগ করেন।
নুতন ঠাকুর দাবি করেন, কংগ্রেস ও বিজেপি বেদান্ত গ্রুপের অঙ্গীভূত প্রতিষ্ঠান স্টারলাইট ইন্ডাস্ট্রিজ ও সেসা গোয়ার কাছ থেকে পাঁচ কোটি রুপি করে চাঁদা নিয়ে আইন ভঙ্গ করেছে। গত ৫ জুন বিষয়টি নিয়ে তিনি আবারও তাগিদ দেন। নির্বাচন কমিশনও সরকারকে তদন্তের তাগিদ দিয়েছে। কিন্তু এ বিষয়ে সরকার এখনো কিছু করেনি। এ জন্য তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।