নির্ধারিত সময়সীমার মধ্যে নেপালের নতুন সংবিধানের খসড়া প্রণয়ন চূড়ান্ত করার লক্ষ্যে সে দেশের রাজনীতিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গত সোমবার বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক এ আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, নেপালে দুই দিনের সফরকালে রবার্ট ব্লেক দেশটির প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, কমিউনিস্ট পার্টি অব নেপালের (মাওয়িস্ট) চেয়ারম্যান পুষ্পকমল দহল প্রচণ্ড, স্বরাষ্ট্রমন্ত্রী ভিম রাওয়ালসহ অন্য শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি পূর্বঘোষিত সময় ২৮ মের মধ্যে নেপালের নতুন সংবিধান প্রণয়ন চূড়ান্ত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের নেতাদের এক সঙ্গে কাজ করার এ আহ্বান জানান। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।