রাজনৈতিক নেতার পদ ছাড়ছেন দালাই লামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিব্বতের নির্বাসিত সরকারের প্রধানের পদ ছেড়ে দিয়ে নির্বাচিত অন্য কোনো নেতার কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। গতকাল বৃহস্পতিবার ১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে তিব্বতিদের ব্যাপক বিক্ষোভের বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে দালাই লামা এ ঘোষণা দেন। ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত ধরমশালায় অনুসারীদের উদ্দেশে তিনি ভাষণ দেন।তিব্বতের নির্বাসিত সরকারের প্রধানমন্ত্রী সামধোং রিনপোচে বলেছেন, দালাই লামা দায়িত্ব থেকে সরে গেলে তাঁদের নির্বাসিত সরকার বৈধতা ও স্বীকৃতি সংকটে পড়বে। অন্যদিকে চীন দালাই লামার এ ঘোষণাকে পুরোনো ‘ফন্দি’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, আন্তর্জাতিক মনোযোগ কেড়ে নেওয়ার কৌশল হিসেবে তিনি এ ঘোষণা দিয়েছেন। চীন বলেছে, এর আগেও কয়েক দফায় তিনি রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত সরে যাননি।দালাই লামা বলেন, তিনি রাজনৈতিক দায়িত্ব নতুন কোনো নেতার হাতে ছেড়ে দেবেন। তবে তিব্বতিদের স্বার্থ আদায়ের আন্দোলনে তিনি আগের মতো কাজ করে যাবেন। তিব্বতের ধর্মীয় নেতা বলেন, আগামী সোমবার ধরমশালায় অনুষ্ঠেয় তিব্বতি পার্লামেন্টের নির্বাসিত সদস্যদের সম্মেলনে তিনি তাঁর দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবেন। দালাই লামা বলেন, ‘গত শতকের ষাটের দশক থেকেই আমি তিব্বতিদের নির্বাচিত এমন একজন নেতার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি, যাঁর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারি। আমি মনে করি, আমরা সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছাতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ক্ষুব্ধ হয়ে বা ‘দায়িত্ব এড়াতে’ তিনি এ সিদ্ধান্ত নেননি। ৭৫ বছর বয়সী এই নেতার মতে, এর মধ্য দিয়ে তিব্বতিরা দীর্ঘমেয়াদি সুফল ভোগ করতে পারবে।চীন বলেছে, রাজনৈতিক ক্ষমতা ছাড়ার ঘোষণাটি আসলে দালাই লামার পুরোনো ফন্দি। তিব্বতিদের প্রতি আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ কাড়তে তিনি এ ঘোষণা দিয়েছেন। তিব্বতিদের নেতা ও নির্বাসিত সরকারের প্রধানমন্ত্রী সামধোং রিনপোচে বলেন, সাধারণ তিব্বতি ও আন্তর্জাতিক বিশ্বের কাছে দালাই লামার যে গ্রহণযোগ্যতা রয়েছে, তা অন্য নেতাদের ক্ষেত্রে নেই। এতে তিনি সরে যাওয়ায় যোগ্য নেতার সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ সরকারের বৈধতাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে তিনি মন্তব্য করেন। এএফপি, বিবিসি, রয়টার্স ও হিন্দুস্তান টাইমস।