রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা সমর্থন করেননি কানু সান্যাল
পশ্চিমবঙ্গের নকশালবাড়ী গ্রামে ১৯৬৭ সালে পুলিশ বিক্ষোভরত কৃষকদের ওপর গুলি চালানোর পর যে আন্দোলন গড়ে ওঠে তাতে নেতৃত্ব দিয়েছিলেন মূলত তিনজন—চারু মজুমদার, জুঙ্গল সাঁওতাল ও কানু সান্যাল। পরে তাঁরা নকশালবাড়ী আন্দোলনের অবিসংবাদিত নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন।১৯৭২ সালে পুলিশ হেফাজতে মৃত্যু হয় চারু মজুমদারের। জুঙ্গল সাঁওতাল প্রায় এক দশক কারাভোগের পর ১৯৮১ সালে মারা যান। শুধু বেঁচে ছিলেন কানু। সাত বছর কারাগারে থাকার পর মুক্তি পান তিনি। তার পর নকশালবাড়ীর পাশে নিজ গ্রামে থেকে তিনি কাজ করে যান। ৮২ বছর বয়সে গত মঙ্গলবার আত্মহত্যা করেন কানু।১৯৬৯ সালে কলকাতার এক সভায় উত্তরবঙ্গের কৃষকদের সংঘটিত করার পেছনে মূল সংগঠক হিসেবে কানু সান্যালকে পরিচয় করিয়ে দেন চারু মজুমদার। ওই সমাবেশেই কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সসিস্ট-লেনিনিস্ট) বা সিপিআই (এমএল) গঠনের ঘোষণা দেন কানু। এ দলের কর্মীরাই নকশালবাদী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এ দল গঠনের পেছনে তাঁদের মূল উদ্দেশ্য ছিল জনগণের সংগ্রামের মাধ্যমে ভারতে একটি বিপ্লব ঘটানো। চারু ও কানু একটি সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিলেন, যার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাধীন এলাকা গড়ে তোলা হবে। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওই সময় ভারতের মধ্যবিত্ত শ্রেণীর বেশ কয়েকজন বুদ্ধিজীবী ওই দলে যোগ দেন। তবে পশ্চিমবঙ্গের পুলিশ ওই তিন নেতার বিরুদ্ধে দ্রুত অভিযান শুরু করে। তিন বছরের মধ্যেই তিন নেতাকে ধরে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কানুকে গ্রেপ্তারের পর পাঠানো হয় বিশাখাপত্তমের একটি কারাগারে। পশ্চিমবঙ্গের তত্কালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর উদ্যোগে ১৯৭৭ সালে তিনি মুক্তি পান। মুক্তির পর কানু প্রকাশ্যে চারু মজুমদারের সমালোচনা করেন এবং অরগানাইজিং কমিটি অব কমিউনিস্ট রেভ্যুলুশনারিস (ওসিসিআর) নামের বাম দল গড়ে তোলেন। ১৯৯০-এর দশকের কিছুটা সময় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বামফ্রন্টের সঙ্গে যুক্ত থাকলেও দ্রুত তাঁর মোহভঙ্গ ঘটে। ২০০৩ সাল থেকে পুনর্গঠিত সিপিআইয়ের (এমএল) মহাসচিবের দায়িত্ব পালন শুরু করেন কানু।অন্য অনেক নকশাল নেতার মতো অনমনীয় ছিলেন না কানু। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি একটি বিপ্লবের স্বপ্ন দেখে গেছেন। সাম্প্রতিক সময়ে মাওবাদীদের কৌশলের সমালোচক হয়ে উঠেছিলেন কানু। বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার সমালোচনা করেন তিনি। সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘আমি কখনোই ব্যক্তিবিশেষের হত্যাকে সমর্থন করিনি এবং আজও করি না।’