রাজনৈতিক ভাঙাগড়ার দিকেই সবার দৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাস খানেক পরই ভারতে জাতীয় নির্বাচন। গতকাল বুধবার তফসিল ঘোষণা করা হয়ে গেছে। তবে প্রধান দুই রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপি এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। শেষ পর্যন্ত নির্বাচনী জোটের ছবিটা কেমন হবে, সেটাও এখনো স্পষ্ট নয়। এদিকে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, কংগ্রেসের তুলনায় জনপ্রিয়তা বাড়ছে বিজেপির।
তফসিল অনুযায়ী, লোকসভা নির্বাচন ৭ এপ্রিল শুরু হয়ে নয়টি ধাপে শেষ হবে ১২ মে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভি এস সম্পত বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই সারা দেশে আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি হয়ে গেল। ফলে এখন থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বা রাজ্যে কোনো সরকার কোনো জনহিতকর বা নীতিগত কোনো ঘোষণা দিতে পারবে না।
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনে মোট ৫৪৩টি আসনের পাশাপাশি অন্ধ্র প্রদেশ, ওডিশা ও সিকিম বিধানসভারও ভোট গ্রহণ হবে। ১৬ মে লোকসভা, তিন রাজ্য বিধানসভা ও অন্য কয়েকটি বিধানসভার উপনির্বাচনের ফল একসঙ্গেই ঘোষণা করা হবে।
নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার পর এখন রাজনৈতিক দলগুলোর কৌশল ঠিক করার পালা। সবার দৃষ্টি রাজনৈতিক ভাঙা-গড়ার দিকেই। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় কংগ্রেস কী করবে, এখনো তা স্পষ্ট নয়। রাজ্য বিভাজনের ফলে অন্ধ্র প্রদেশে কংগ্রেস জামানত বাঁচাতে পারে কি না, সেটাও বড় প্রশ্ন। সে তুলনায় তেলেঙ্গানায় দলের অবস্থা ভালো। তবে ওই রাজ্যে প্রতিশ্রুতি দিয়েও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) কংগ্রেসে মিশে যেতে এখন আর রাজি নয়। টিআরএস জানিয়েছে, কংগ্রেসের সঙ্গে বড়জোর তারা জোট বাঁধতে পারে। অন্যদের সঙ্গেও জোটের দরজা খুলে রাখছে দলটি। তৃতীয় ফ্রন্টের প্রতি তাদের আগ্রহ আছে।
তামিলনাড়ুতে দাব্রিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে কংগ্রেস জোট বাঁধবে কি না কিংবা ডিএমকে রাজি কি না, এখনো জানা যায়নি। মিয়ানমারে বিমসটেক শীর্ষ সম্মেলনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিং আলোচনা করায় কংগ্রেসের ওপর চটেছেন ডিএমকের প্রধান ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধি। মহারাষ্ট্রে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে কংগ্রেসের আসন ভাগাভাগি এখনো চূড়ান্ত হয়নি। ঝাড়খন্ডের হালও সেই রকম। বিহারে লালু প্রসাদের জেদই কংগ্রেসকে মেনে নিতে হয়েছে। কংগ্রেসকে মাত্র ১২টি আসন তারা ছেড়েছে। জম্মু-কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কোন শর্তে জোট অব্যাহত থাকবে, তা এখনো ঠিক হয়নি। তৃতীয় ফ্রন্টের হালও টলমল।
বামপন্থীদের উদ্যোগে ১১ দলের সম্মিলিত প্রচেষ্টার কথা ঘোষণা করা হলেও অল ইন্ডিয়া আন্না দাব্রিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) নেত্রী জয়ললিতা শেষ পর্যন্ত কী করবেন, তা অজানা। দুই কমিউনিস্ট পার্টিকে দুটি করে চারটি আসন ছাড়ার কথা মুখে বললেও জয়ললিতা কিন্তু রাজ্যের ৩৯টি আসনেই নিজের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার সম্ভাবনাও।
একই রকম অনিশ্চিত অবস্থা আসামে আসম গণপরিষদেরও (এজিপি)। তৃতীয় ফ্রন্টের সঙ্গে মাখামাখি করলেও বিজেপির সঙ্গে রাজ্যনেতাদের কথাবার্তা চলছে। এই দুই দল চলে গেলে প্রস্তাবিত ১১ দলের তৃতীয় ফ্রন্ট নেমে আসবে ৯-এ।
তুলনামূলকভাবে দক্ষিণপন্থী বিজেপি ও তার জোট এনডিএর (জাতীয় গণতান্ত্রিক জোট) অবস্থা ভালো। বিভিন্ন জনমত জরিপে কংগ্রেসের জনপ্রিয়তা যত নামছে, বিজেপির পাল্লা তত ভারী হচ্ছে। একইভাবে বাড়ছে প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদির প্রতি সমর্থন। বাড়ছে বিজেপির বন্ধুসংখ্যাও। বিহারে নীতিশ কুমারের জনতা দলের (সংযুক্ত) জোট ত্যাগে যতটা ক্ষতি হয়েছিল, দলিত নেতা রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টিকে (এলজেপি) জোটে টেনে সেই ক্ষতি পূরণ হয়েছে। আসামে এজিপি ও তামিলনাড়ুতে এআইএডিএমকের আশা বিজেপি এখনো ছাড়েনি। অন্ধ্র প্রদেশে তেলেগু দেশম পার্টি (টিডিপি) ইতিমধ্যেই এনডিএর শরিক হয়েছে। কিন্তু ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা জগনমোহন কী করবেন, তা এখনো অজানা। মহারাষ্ট্রে চেষ্টা চলছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতা রাজ ঠাকরেকে বশে আনার। বিজেপির চিন্তা যত না কংগ্রেসকে নিয়ে, তার চেয়ে বেশি আম আদমি পার্টিকে (এএপি) নিয়ে। বিশেষ করে দিল্লি ও হরিয়ানার বেশ কিছু আসনে এএপি বেগ দেওয়ার মতো অবস্থায় রয়েছে।
তফসিল: নির্বাচন কমিশন জানিয়েছে, ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট হবে ৭ এপ্রিল। তারপর ৯ এপ্রিল দ্বিতীয়, ১০ এপ্রিল তৃতীয় দফার ভোট। এপ্রিল মাসের ১২, ১৭, ২৪ ও ৩০ তারিখে হবে যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট। অষ্টম ও নবম দফার ভোট হবে যথাক্রমে ৭ ও ১২ মে। সবচেয়ে বেশি দফার ভোট হবে উত্তর প্রদেশ ও বিহারে, ছয় দফায়। দুই রাজ্যেরই ভোট হবে ১০, ১৭, ২৪ ও ৩০ এপ্রিল এবং ৭ ও ১২ মে। এই দুই রাজ্যে লোকসভার আসনসংখ্যা যথাক্রমে ৮০ ও ৪০। পশ্চিমবঙ্গে ভোট হবে পাঁচ দফায়। ১৭, ২৪, ৩০ এপ্রিল এবং ৭ ও ১২ মে।
এর আগে এত বেশি ধাপে লোকসভার নির্বাচন হয়নি। ২০০৯ সালে পঞ্চদশ লোকসভার নির্বাচন হয়েছিল পাঁচ ধাপে। প্রায় পাঁচ সপ্তাহব্যাপী এই ভোট-তফসিল চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশন দেশের বিভিন্ন রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, স্থানীয় উৎসব, পরীক্ষার তারিখ, ফসল কাটার সময় এবং অন্যান্য বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়েছে।
ভি এস সম্পত জানান, এবার সব কেন্দ্রেই ‘না’ ভোটের অধিকার থাকছে। পঞ্চদশ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে। এই ভোটের পর গঠিত হবে নতুন লোকসভা। এ ছাড়া একাধিক ধাপে পর্যবেক্ষক রাখা হবে। এক দল পর্যবেক্ষক প্রার্থীদের খরচের ওপর এবং অপর দল আইনশৃঙ্খলার দিকে নজর রাখবে। আরেক দল ভোটারদের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করবে। এরাই এবার নতুন সংযোজন।
এবার সারা দেশে মোট ভোটার ৮১ কোটি ৪০ লাখ। ২০০৯ সালের সাধারণ নির্বাচনের তুলনায় এবার ১০ কোটি ভোটার বেশি।