রাজনৈতিক রূপরেখা এগিয়ে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাক হেগেল
চাক হেগেল

মিসরে রাজনৈতিক রূপরেখা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। গত মঙ্গলবার মিসরের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতাহ আল-সিসিকে ফোন করে তিনি এ আহ্বান জানান বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র জানিয়েছেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জর্জ লিটল এক বিবৃতিতে বলেন, সিসির সঙ্গে কথা বলার সময় হেগেল মিসরের সিনাই উপত্যকায় নিরাপত্তা রক্ষার উদ্যোগ এবং কপটিক খ্রিস্টানদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন। এ ছাড়া তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার জন্য সেনাপ্রধান সিসির প্রতি আহ্বান জানান।
গত জুলাইতে সেনাবাহিনী মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এরপর দায়িত্ব নেয় সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার। তখন থেকে মিত্র দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য মিসরের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার সেনাপ্রধান সিসির সঙ্গে কথা বললেন চাক হেগেল।
মুসরির অপসারণের পর থেকে এ পর্যন্ত তাঁর দল মুসলিম ব্রাদারহুডের দুই হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাদারহুডের সদস্যরা হামলা চালিয়েছে কপটিক খ্রিষ্টানদের পরিচালিত গির্জা, বিদ্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে। ব্রাদারহুডের অভিযোগ, মুরসিকে ক্ষমতা থেকে উৎখাতে সেনাবাহিনীর প্রতি সমর্থন দিয়েছে খ্রিষ্টানরা।
মুরসির অপসারণের পর সিনাই উপত্যকায় জঙ্গি তৎপরতা বেড়ে গেছে। জঙ্গি দমনে সিনাইয়ে সম্প্রতি কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সেনা অভিযান শুরু করা হয়। এএফপি।