মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি রাজনৈতিক সংকট এড়াতে দেশের পার্লামেন্ট বর্জনের সিদ্ধান্ত বাতিল করেছেন। গতকাল সোমবার এ কথা জানিয়ে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পক্ষ থেকে বলা হয়েছে। আগামীকাল বুধবার পার্লামেন্টের অধিবেশনে তাঁরা যোগ দিতে পারেন। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিয়ানমার সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুন।পার্লামেন্টের ওই অধিবেশন বর্জন করা হবে বলে গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন সু চি। এতে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। সাংসদদের শপথবাক্যে সামরিক জান্তা প্রণীত শব্দ সংবিধান ‘সুরক্ষার অঙ্গীকার’ নিয়ে আপত্তি ছিল এনএলডির। তবু দেশে রাজনৈতিক সংকট বা উদ্বেগ এড়াতে বর্জনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে জানান সু চি। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশার কারণে আমারা সিদ্ধান্ত বদল করেছি। ভোটাররা আমাদের পার্লামেন্টে দেখতে চান। এ জন্যই তাঁরা আমাদের ভোট দিয়েছিলেন।’জাতিসংঘের মহাসচিব বান কি মুন মিয়ানমারের পার্লামেন্টে গতকাল ভাষণ দেন। দেশটির রাজধানী নেপিডোয় অবস্থিত পার্লামেন্টে এটিই ছিল বিদেশি কোনো উচ্চপদস্থ ব্যক্তির প্রথম ভাষণ। এ সময় অনুপস্থিত ছিলেন সু চি। তিনি আজ মঙ্গলবার বান কি মুনের সঙ্গে বৈঠক করবেন। গণতন্ত্র বিকাশের স্বার্থে মিয়ানমারের ওপর আরোপিত আরও কয়েকটি অবরোধ প্রত্যাহারের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বান কি মুন। মিয়ানমারের প্রতি ইতিবাচক সম্পর্ক তৈরির ব্যাপারে আগ্রহী বিভিন্ন দেশকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। মিয়ানমারের সরকার গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের প্রতি সু চির ইতিবাচক অবস্থান ও পার্লামেন্টে যোগ দেওযার সিদ্ধান্তের প্রশংসা করে বান কি মুন বলেন, ‘আমি তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। জাতির দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য রাজনৈতিক নেতাদের কাজ করা উচিত। প্রেসিডেন্ট থেইন সেইন ও সু চির একসঙ্গে কাজ করা এখন আরও সহজ হবে। উভয় নেতার উচিত, সব বিষয়ে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাওয়া। সমস্যা সব সময়ই থাকবে, তবে জাতীয় স্বার্থে এসব সমস্যার সমাধানও সম্ভব। মিয়ানমারের বর্তমান বেসামরিক সরকার প্রায় এক বছর পার করেছে। এই সরকারের অধীনে প্রতিবেশী বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার ব্যাপারে অনেক দূর এগিয়েছে মিয়ানমার। সামনে আরও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে।’ মিয়ানমারে গত ১ এপ্রিল অনুষ্ঠিত পার্লামেন্ট উপনির্বাচনে এনএলডি ৪৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩টিতে বিজয়ী হয়। ২০১০ সালে অনুষ্ঠিত বিতর্কিত পার্লামেন্ট নির্বাচন বর্জন করেছিল এনএলডি। তবে দেশটির নতুন সরকার রাজনৈতিক দলের নিবন্ধন আইনে সংস্কার আনার পর মূল ধারার রাজনীতিতে প্রত্যাবর্তন করে এনএলডি। এএফপি ও রয়টার্স।