রাজনৈতিক সংকটে আলবেনিয়া
আলবেনিয়ায় রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করছে। তিন বিক্ষোভকারীর মৃত্যুর জন্য পরস্পরকে দোষারোপ করছে সেখানকার সরকারি ও বিরোধী দল। সরকারবিরোধী সহিংস বিক্ষোভের সময় ওই তিন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন।প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে গত শনিবার জানানো হয়েছে, ন্যাশনাল গার্ডের ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমান্ডের অধীনে থাকা সেনাবাহিনীর ওই ইউনিট সরকারি প্রতিষ্ঠান ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে।কয়েক মাস ধরে দেশটির রক্ষণশীল সরকার ও প্রধান বিরোধী সোশালিস্ট পার্টির মধ্যকার উত্তেজনা বাড়ছে। গত সপ্তাহে উপপ্রধানমন্ত্রী ইলির মেতার পদত্যাগের পর উত্তেজনা তীব্র আকার ধারণ করে। একটি বেসরকারি টিভি চ্যানেলে একটি ভিডিও প্রচারের পর তিনি পদত্যাগ করেন। গত শুক্রবার রাতে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি উল্টে দিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় তিনজন নিহত হয়।প্রধানমন্ত্রী সালি বেরিশা এক সংবাদ সম্মেলনে তিন ব্যক্তির মৃত্যুর জন্য বিক্ষোভকারীদের মধ্যে থাকা ‘দুর্বৃত্তদের’ দায়ী করেছেন। সোশ্যালিস্ট পার্টির নেতা এডি রামা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বেরিশা হচ্ছেন ওই হত্যাকাণ্ডের ‘রাজনৈতিক পরিকল্পনাকারী’। এপি।