রাজনৈতিক সংকটে লেবানন মতৈক্যের সরকারের পতন
লেবাননে জাতীয় মতৈক্যের সরকারের পতনের পর রাজনৈতিক সংকটে পড়েছে দেশটি। সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্ত নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েনের জের ধরে সরকারের পতন ঘটায় হেজবুল্লাহ।জাতিসংঘ-সমর্থিত বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে প্রধানমন্ত্রী ও হেজবুল্লাহর মধ্যে কয়েক মাসের বিবাদের পর গত বুধবার রফিক হারিরির ছেলে প্রধানমন্ত্রী সাদ হারিরির জাতীয় মতৈক্যের সরকারের পতন ঘটে।লেবাননে সরকারের পতনের জন্য মন্ত্রিসভার এক-তৃতীয়াংশের বেশি সদস্যের পদত্যাগের প্রয়োজন। গত বুধবার ৩০ সদস্যের মন্ত্রিসভা থেকে হেজবুল্লাহ ও তার মিত্রদের ১১ জন মন্ত্রী পদত্যাগ করার পর সরকারের পতন হয়।জ্বালানিমন্ত্রী জিবরান বাসিল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হারিরির হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের তদন্ত নিয়ে টানাপোড়েনের জের ধরে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২০০৯ সালের নভেম্বরে এই জাতীয় মতৈক্যের সরকার গঠিত হয়। হেজবুল্লাহ যখন সরকার থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়, তখন প্রধানমন্ত্রী সাদ হারিরি চলমান সংকট নিয়ে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনা করছিলেন।এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হারিরির প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মিশেল সুলেইমান। দেশটির জাতীয় বার্তা সংস্থা এ কথা জানায়।হেজবুল্লার ঘোষণা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি সাদ হারিরি। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর প্রেসিডেন্ট নিকোলা সারকোজির সঙ্গে বৈঠক করার কথা।বিশেষ ট্রাইব্যুনালকে অস্বীকার করার জন্য গত কয়েক মাস ধরেই পশ্চিমা-সমর্থিত সাদ হারিরির ওপর চাপ সৃষ্টি করে আসছিল ইরান ও সিরিয়া-সমর্থিত হেজবুল্লাহ। তাদের দাবি, ট্রাইব্যুনালটি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ষড়যন্ত্রের অংশ।অসমর্থিত সংবাদমাধ্যম জানায়, ২০০৫ সালে রফিক হারিরির হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হেজবুল্লাহর একজন জ্যেষ্ঠ সদস্যকে অভিযুক্ত করতে যাচ্ছে ট্রাইব্যুনাল, যে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে দলটি।হোয়াইট হাউসের অভিযোগ, হেজবুল্লাহ ‘আতঙ্কিত’ হয়ে সরকারের পতন ঘটিয়েছে। হারিরি ও ট্রাইব্যুনালের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।ফ্রান্স, ব্রিটেন ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন আবারও ট্রাইব্যুনালের প্রতি শর্তহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ২০০৭ সালে এই ট্রাইব্যুনাল গঠিত হয়।সাম্প্রতিক মাসগুলোয় হারিরি ও হেজবুল্লাহর মধ্যকার সংকটে মধ্যস্থতা করার চেষ্টা করে সিরিয়া ও সৌদি আরব।লেবাননের সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠন করতে প্রধানমন্ত্রী মনোনীত করার জন্য পার্লামেন্ট সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করবেন প্রেসিডেন্ট সুলেইমান।তবে রাজনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী হারিরি দেশে ফিরে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক না করা পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে না। তবে হারিরি কখন দেশে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।হেজবুল্লাহ বর্তমানে লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। গোষ্ঠীটি এমনকি সেনাবাহিনীর চেয়ে বেশি শক্তিশালী। গত বুধবার কাতার সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, লেবাননের স্থিতিশীলতা দুর্বল করার জন্য হেজবুল্লাহর চেষ্টা ব্যর্থ হতে বাধ্য। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্কে অবস্থানরত সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে গত মঙ্গলবার টেলিফোনে আলাপের সময় লেবানন বিষয়েও কথা বলেন। ওবামা বাদশাহকে বলেন, তিনি লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের সঙ্গে একত্রে কাজ চালিয়ে যেতে চান। বিবিসি, এএফপি, রয়টার্স।