রাজনৈতিক সংসারের ইতি টানলেন মনমোহন

দীর্ঘ ১০ বছরের রাজনৈতিক সংসারের ইতি টানলেন ভারতের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি রাজনৈতিক সংসার শুরু করেছিলেন দিল্লির ৭ নম্বর রেসকোর্স রোডের বাসভবনে।
আজ সোমবার ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই ভবনে নতুন করে রাজনৈতিক সংসার পাতবেন নরেন্দ্র মোদি। আর বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং ফিরে যাবেন তাঁর অবসরজীবনের জন্য বরাদ্দ ৩ নম্বর মতিলাল নেহরু মার্গের সরকারি বাসভবনে। এটিই হবে এখন মনমোহন সিংয়ের নতুন ঠিকানা।
মনমোহনের নতুন বাংলোটি তিন একর জমির ওপর নির্মিত। ঘন সবুজে ভরা এই বাংলো এলাকায় রয়েছে ৪০টি বিশাল গাছ। এই বাংলোয় আগে থাকতেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। ছায়াময় এই পরিবেশেই অবসরজীবন কাটাবেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী।
মনমোহন সিং মালপত্র ৭ রেসকোর্স রোডের বাসভবন থেকে সরিয়ে মতিলাল নেহরু মার্গের বাংলোয় নিয়ে গেছেন। আজ সন্ধ্যায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মনমোহন সিং সপরিবারে উঠবেন নতুন বাড়িতে।