রাজনৈতিক সংস্কারের কৃতিত্ব সেনাদের দিলেন প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সম্প্রতি গণতন্ত্রের পথে উত্তরণে রাজনৈতিক সংস্কারের যে আভাস পাওয়া গেছে, এতে দেশটির সাবেক সামরিক জান্তার কৃতিত্ব রয়েছে। গতকাল বুধবার দেশটির স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে এক বার্তায় প্রেসিডেন্ট থেইন সেইন জান্তার এই অবদানের কথা পুনর্ব্যক্ত করেন। এই দিনে মিয়ানমার যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। রাজধানী নেপিডোয় মন্ত্রিসভার সদস্য ও শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাসহ প্রায় তিন হাজার লোকের সামনে এই বার্তা পড়ে শোনান ভাইস প্রেসিডেন্ট সাই মক খাম। বার্তায় বলা হয়, ‘একটি শান্তিপূর্ণ, আধুনিক ও উন্নত গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে জাতিকে পরিচালিত করেছে সেনাবাহিনী।’ বলা হয়, ‘বহুদলীয় গণতন্ত্র চর্চার লক্ষ্যে একটি সংবিধান প্রণয়নে সেনাবাহিনী ধাপে ধাপে পদক্ষেপ নিয়েছে।’ সেনাবাহিনী দেশের অপরিহার্য স্তম্ভ হয়ে থাকবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করেন প্রেসিডেন্ট থেইন সেইন।১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির ক্ষমতাসীন জেনারেলরা একইভাবে স্বাধীনতা দিবস উদ্যাপন করে আসছিলেন। অন্য দেশের কারণে সম্ভাব্য বিপদের হুমকি ও অশুভ ঔপনিবেশবাদের বিষয়ে জনগণকে সতর্ক করাই ছিল তাঁদের কাজ। বিগত বছরগুলোতে স্বাধীনতা দিবসে সাবেক সামরিক জান্তার প্রধান থান শয়ে যে বিবৃতি দিয়েছেন, থেইন সেইনের বার্তায় যেন এরই প্রতিধ্বনি ছিল। এএফপি।