রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি বুতেফ্লিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকা গত শুক্রবার রাতে দেশটিতে বড় ধরনের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি জানান, সংবিধান ও নির্বাচনী আইনও এ সংস্কারের আওতায় পড়বে। এ ছাড়া দেশটিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও জোরদার করা হবে। প্রেসিডেন্ট বুতেফ্লিকা বলেন, আগামী বছরের মে মাসে অনুষ্ঠেয় নির্বাচনের আগে এসব সংস্কার করা হবে। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে এসব সংস্কার করা হবে। আলজেরিয়ার ১৯৯৬ সালের সংবিধান ২০০৯ সালে সংশোধন করা হয়। ওই সংশোধনের মধ্য দিয়ে বুতেফ্লিকা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দেশের ক্ষমতা নেন। আরব বিশ্বের বিভিন্ন দেশে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার এ সময়ে আলজেরিয়ায়ও স্থানীয় পর্যায়ে বিক্ষোভ হচ্ছে। সরকারবিরোধী বিক্ষোভ যাতে জাতীয় পর্যায়ে ছড়িয়ে না পড়ে, তাই বুতেফ্লিকা আগেভাগে এমন একটা ঘোষণা দিলেন। বুতেফ্লিকা গত তিন মাস জনসমক্ষে কোনো কথা বলেননি। গতকাল তিনি জাতির উদ্দেশে বলেন, সংবিধান সংশোধন ও আলজেরিয়ায় গণতন্ত্র নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ মিনিটের ভাষণে তিনি জানান, আলজেরিয়ার নির্বাচনী আইন পরিবর্তন এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। বুতেফ্লিকা বলেন, রাজনৈতিক দল ও সাংবিধান আইন বিশেষজ্ঞদের নিয়ে একটি নতুন সাংবিধানিক প্যানেল গঠন করা হবে। তাঁদের প্রস্তাবিত সংস্কারনীতিগুলো সংসদে বা গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, সংসদ সদস্য হোক বা না হোক রাজনৈতিক দলগুলোও এ সংস্কার-প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। তা ছাড়া গণমাধ্যম আইনেও পরিবর্তন আনা হবে। তবে ব্যক্তিগত মালিকানায় বেতার কিংবা টেলিভিশন খাতগুলো ছাড়া হবে কি না তা উল্লেখ করেননি তিনি। বুতেফ্লিকা দেশে বিদ্যমান তথ্য আইন পরিবর্তন করে নতুন আইন করারও প্রতিশ্রুতি দেন। দেশটিতে বিদ্যমান তথ্য আইনে প্রেসিডেন্টের সমালোচনা করলে সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। রয়টার্স ও এএফপি।