রাজনৈতিক ‘ড্রোন’ কাদরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনারা যদি আমার সঙ্গে যোগ দিতে ব্যর্থ হন, আমার আন্দোলনে শক্তি বৃদ্ধি না করেন, তাহলে ভবিষ্যতে অনুশোচনা করতে হবে’, গত সোমবার ইসলামাবাদমুখী লংমার্চে এভাবেই পাকিস্তানি জনগণকে সতর্ক করেন তাহির উল-কাদরি।আগামী মার্চের মাঝামাঝি পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়ে সামরিক বাহিনী ও বিচার বিভাগের পরামর্শে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং মে মাসের মাঝামাঝি সময় নির্বাচনের দাবিতে কাদরি এই লংমার্চ করেন। নির্বাচনের আগে ‘সৎ মানুষ’ জয়ী হওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে বেশকিছু বিষয়ে সংস্কারেরও দাবি তুলেছেন তিনি।পাকিস্তানি নাগরিক কাদরি টানা সাত বছর কানাডায় থাকার পর গত মাসে হঠাৎ করেই দেশে ফেরেন। এরপরই স্লোগান তোলেন, ‘রাজনীতির আগে দেশ বাঁচাও’। পাশাপাশি আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেন তিনি। এমন গুজব রয়েছে যে, কাদরি সম্ভবত পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর সমর্থন পেয়েছেন। আর এ কারণেই তত্ত্বাবধায়ক সরকার গঠনে সামরিক বাহিনীর পরামর্শ নেওয়ার দাবি তুলেছেন তিনি। আর এ কারণেই কাদরির বর্তমান ভূমিকা অনেককে স্পষ্টভাবে এই বার্তা দিচ্ছে যে, তাঁর সংস্কার কর্মসূচি আসলে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত করার অপচেষ্টামাত্র।ইসলামাবাদমুখী লংমার্চের আগে গত ২৩ ডিসেম্বের লাহোরে মিনার-ই-পাকিস্তানে বক্তৃতা করেন কাদরি। সেখানে নিজের এই ক্ষমতা দেখানোর চেষ্টা করেন যে, চাইলে ইসলামাবাদকে অচল করে দিতে পারেন তিনি। কিন্তু আসলেই কি কাদরির সেই ক্ষমতা আছে? পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক কাদরি এরই মধ্যে অনেক পথ পেরিয়েছেন। নিজেকে শিক্ষাবিদ, ইসলামি চিন্তাবিদ, সুবক্তা, সমাজকর্মী, রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান হিসেবে পরিচিত করেছেন। তবে এত কিছুর পরও তিনি কিন্তু ক্যারিশমেটিক নেতা হয়ে উঠতে পারেননি। গত মাসে দেশে ফেরার সময় অনেকেই তাঁকে নতুন ‘ড্রোন’ বলে আখ্যা দেন। এই ‘ড্রোন’ পাকিস্তানের রাজনীতির জন্য হতাশার বলে উল্লেখ করেন তাঁরা। আশির দশকে শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠান মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করে বিশ্বজুড়ে ঘুরে বেড়ানো শুরু করেন কাদরি। ১৯৮৯ সালে রাজনৈতিক দল গড়েন। তবে শুধু ২০০২ সালেই পার্লামেন্ট সদস্য নির্বাচিত হতে পেরেছিলেন। বলা হয়, সেই জয় হয়েছে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের কারণে। মোশাররফ তাঁকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন।বড় ধরনের লংমার্চের পরও পাকিস্তানের ধর্মনিরপেক্ষ বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কাদরিকে তেমন আমলে নিচ্ছে না। দলগুলো তাঁকে ‘পাকিস্তান ও গণতন্ত্রবিরোধী’ বলে আখ্যা দিয়েছে। গত সপ্তাহে কাদরির একমাত্র রাজনৈতিক মিত্র মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) তাঁকে ছেড়ে যায়।