স্বাস্থ্যসেবা আইন প্রণয়নের পর রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আফগান পরিস্থিতি সামাল দেওয়ার মধ্য দিয়ে এবার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চমক সৃষ্টি করতে চান তিনি। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ জনগণই এখন যুদ্ধ আর রক্তপাতের বিপক্ষে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের রেখে যাওয়া জঞ্জাল থেকে বেরিয়ে আসার তাগিদ সর্বত্র। প্রেসিডেন্ট ওবামা নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, ২০১১ সালের জুলাই মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে। আফগানিস্তান থেকে সম্মানজনক প্রস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জঙ্গি দমন ও মৌলবাদ মোকাবিলা করে আফগানিস্তানে গণতান্ত্রিক সরকারের স্থিতিশীলতাই সম্মানজনক প্রস্থানের পূর্বশর্ত। প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর মার্কিন সমর্থনপুষ্ট আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই গত বছর পুনরায় ক্ষমতাসীন হলেও আফগানিস্তানের ৭৫ শতাংশ ভূখণ্ডে তাঁর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।চরম এই রাজনৈতিক বাস্তবতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার আফগানিস্তানে ঝটিকা সফর করেন। তিনি মাত্র ছয় ঘণ্টা ছিলেন আফগানিস্তানে। এ সময়ের মধ্যেই মার্কিন সেনা অধিনায়ক এবং সেনাসদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। মাত্র আধা ঘণ্টা বৈঠক করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে। এ সময় বারাক ওবামা বলেন, আফগানিস্তানকে আল-কায়েদার নিরাপদ স্বর্গ হিসেবে গড়তে দেওয়া হবে না।ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান রণাঙ্গনে মার্কিন সেনা উপস্থিতি তিন গুণ বৃদ্ধি করেছেন। আট বছরের টানা যুদ্ধের পরও আফগানিস্তান পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণহীন। তালেবান জঙ্গি ও স্থানীয় যুদ্ধবাজদের সামাল দিতে ব্যর্থ হয়েছে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। মাদক চোরাচালান এবং বহুবিভক্ত জাতিগোষ্ঠীর বিপজ্জনক জনপদ আফগানিস্তান। সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই দেশটির ওপর। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে হামিদ কারজাইয়ের কোনো বিকল্পও নেই এ মুহূর্তে আফগানিস্তানের জন্য। প্রেসিডেন্ট ওবামা সেনাসংখ্যা বাড়ানোর পর মার্কিন সেনা কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি ক্রমে আয়ত্তে আসছে। অঞ্চল ভাগ করে জঙ্গিদের নির্মূল করা হচ্ছে, জনগোষ্ঠীকে জঙ্গিদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা ক্রমশ সফল হচ্ছে। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তালেবানের প্রতি সহানুভূতিশীল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আশ্রয়েই আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন লুকিয়ে আছেন—এমন দাবি মার্কিন কর্তৃপক্ষের। সাম্প্রতিক সময়ে এই সীমান্তে অগণিত মার্কিন বিমান হামলার ঘটনা ঘটেছে। চিহ্নিত তালেবান নেতাদের নির্মূলে এসব হামলা সফল বলে দাবি করা হচ্ছে।হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সরকারের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। বিতর্কিত নির্বাচনে ফের ক্ষমতায় গেলেও হামিদ কারজাই তাঁর ২৫ সদস্যের মন্ত্রিসভা গঠন করতে পারেননি এখনো।প্রেসিডেন্ট কারজাই মনোনীত মন্ত্রিসভার ২৫ জন সদস্যের মধ্যে সে দেশের পার্লামেন্ট মাত্র ১৪ জনের নিয়োগ অনুমোদন করেছে। বাকি ১১ জনের বিরুদ্ধে হয় দুর্নীতি অথবা বিভিন্ন সন্দেহজনক জাতিগোষ্ঠীর সঙ্গে যোগসূত্রের অভিযোগ রয়েছে। ভারপ্রাপ্ত মন্ত্রিসভা দিয়ে সরকার পরিচালনা করছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে আফগান সরকার। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গত রোববারের আধা ঘণ্টার বৈঠকে হামিদ কারজাই যুক্তরাষ্ট্র যেন আফগানিস্তানকে মাঝপথে ফেলে না যায়, সেই আবেদন বারবার করেন।আফগানিস্তানে বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি না ঘটলে এর প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। এমনিতেই আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির অবস্থান নিয়ে সংশয় বিরাজ করছে। দ্বিতীয় দফা নির্বাচনের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামাকে আগামী বছর থেকেই প্রচারণায় নামতে হবে। এর মধ্যেই আফগান পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে মার্কিনদের বিজয় ঘটছে বলে সেনা প্রত্যাহারের ঘোষণা দিতে চান প্রেসিডেন্ট বারাক ওবামা। বিষয়টি প্রেসিডেন্ট হিসেবে তাঁর জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জের কাজ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।