রাজপরিবারের ঘনিষ্ঠ দুই জেনারেল জান্তার উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সেনা-অভ্যুত্থানের পর আটক রাজনীতিকসহ ১২৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে৷ দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে৷ এদিকে রাজপরিবারের ঘনিষ্ঠ অবসরপ্রাপ্ত দুই জেনারেলকে উপদেষ্টা নিয়োগ করেছে জান্তা সরকার৷ খবর রয়টার্সের৷
থাইল্যান্ডে কয়েক মাস ধরে টানা রাজনৈতিক দ্বন্দ্বের জেরে গত সপ্তাহে অভ্যুত্থান ঘটানোর পর সেনাবাহিনী মোট ২৫৩ জনের নামে সমন জারি করেছিল৷ সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, এর মধ্যে ৫৩ জন নির্দেশমতো সেনা কার্যালয়ে হাজির হননি৷ আর ৭৬ জনকে এখনো আটক রাখা হয়েছে৷ বাকি ১২৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে৷
চলতি অভ্যুত্থানের নায়ক সেনাপ্রধান জেনারেল প্রাইউথ শান-ওশার জান্তা সরকারে নতুন যে দুজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা হলেন জেনারেল প্রাউইত ওংসুবান ও জেনারেল অনুপং পাওশিন্দা৷ জেনারেল প্রাউইত সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং জেনারেল অনুপং সাবেক সেনাপ্রধান৷