রাজশিশুর জন্মের খবর দিলেন বস্তির ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার বস্তির ছেলে বদর আজিমই প্রথম বাকিংহাম রাজপ্রাসাদে ব্রিটিশ রাজপরিবারের ভবিষ্যত্ উত্তরাধিকারী প্রিন্স জর্জের জন্মের খবর জানান। ব্রিটিশ রানির প্রেস সচিব অ্যালিসা অ্যান্ডারসন বাকিংহাম রাজপ্রাসাদের কার্যালয়ে যখন রাজশিশু প্রিন্স জর্জের জন্মের খবর ঘোষণা করছিলেন, তখন বদর আজিমও এতে অংশ নেন। তিনিও অধীর অপেক্ষায় থাকা যুক্তরাজ্যের মানুষের কাছে সুখবর পৌঁছে দিতে সহায়তা করেন।

বদর আজিমের (২৫) জন্ম কলকাতার এক বস্তিতে। তিনি এখন বাকিংহাম রাজপ্রাসাদের একজন কর্মী। টকটকে লাল রঙের পোশাক ও কালো মোজা পরে বদর কাজ করেন রাজপ্রাসাদে। দরিদ্র হলেও বদরের বাবা চাইতেন ছেলেরা পড়াশোনা করুক। বদরকে দাতব্য স্কুল সেন্ট মেরিতে ভর্তি করা হয়। পরে ওই স্কুল থেকে বদর কলকাতার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হন। সেখানে তিনি অতিথি ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা নেন। দুই বছর পড়ার পর বদর সেন্ট মেরির সহায়তায় স্কটল্যান্ড যান। সেখানে এডিনবরার নাপিয়ের বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি নেন। ২০১১ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে বাকিংহাম রাজপ্রাসাদে তিনি জুনিয়র ফুটম্যান হিসেবে যোগ দেন। বদর জানান, বাকিংহাম রাজপ্রাসাদে তাঁর কাটানো জীবন একেবারেই আলাদা। 

বদরের বাবা মোহাম্মদ রহিম ও মা মমতাজ বেগম এখনো কলকাতার ওই বস্তিতে থাকেন। তাঁর বাবা এখনো ঢালাইয়ের কাজ করেন। ছোট দুটি ঘরে নয়জনের পরিবার গাদাগাদি করে থাকে। বদর চাকরি পাওয়ার আগে তাঁরা ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে কিছুই জানতেন না।

বদরের ভাই মাজহার  জানান, বদর যখন তাঁদের কেট আর উইলিয়ামের ছেলের জন্মের খবর শোনান, তখন তিনি ছিলেন স্বাভাবিক। তবে তাঁর কথা শুনে মনে হচ্ছিল গর্বের কিছু।

ছেলের এই কাজে গর্বিত বদরের মা। তিনি বলেন, ‘মনে হয়, আমি আকাশে উঠে গেছি।’