রাজশিশুর জন্য গিলার্ডের উলের ক্যাঙ্গারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমেনস উইকলি পত্রিকায় প্রকাশিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সাম্প্রতিক ছবি। ছবি: সৌজন্যে গার্ডিয়ান।
ওমেনস উইকলি পত্রিকায় প্রকাশিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সাম্প্রতিক ছবি। ছবি: সৌজন্যে গার্ডিয়ান।

ব্রিটিশ রাজপরিবারের অনাগত শিশুর জন্য উপহার হিসেবে নিজ হাতে তৈরি খেলনা ক্যাঙ্গারু দেবেন বলে ঠিক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। এরই মধ্যে কাজও শুরু করেছেন। নিজ হাতে বুনছেন সেই খেলনা। অস্ট্রেলিয়ার একটি সাপ্তাহিকের বরাত দিয়ে আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়। সাপ্তাহিক ‘উইমেনস উইকলিসস’-এর সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদে রয়েছে, হাতলওয়ালা চেয়ারে বসে লাল রঙের উলের সুতা দিয়ে খেলনা ক্যাঙ্গারু বুনছেন গিলার্ড (৫১)। তাঁর চারপাশে উলের সুতা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পোষা কুকুর রিউবেন বসে আছে তাঁর পায়ের কাছে। ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের অনাগত শিশুর জন্য তিনি নিজ হাতে এ উপহার তৈরি করছেন। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। তাই রাজশিশুর জন্য উপহার হিসেবে এটিকেই বেছে নিয়েছেন গিলার্ড।

ওই সাপ্তাহিককে দেওয়া সাক্ষাত্কারে গিলার্ড বলেন, ‘আমি শিশুদের জন্য প্রায়ই কিছু না কিছু তৈরি করি। আমি খুব একটা অবসর পাই না। তবে এ কাজটা করতে যেহেতু তেমন সময় লাগে না, তাই দ্রুত শেষ করা যায়। এ কাজ করে আমি আনন্দ পাই।’

অস্ট্রেলিয়ায় সংসদীয় পদ্ধতির সরকার বহাল থাকলেও দেশটিতে এখনো সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান। তাই যুক্তরাজ্যের রানি এলিজাবেথ এখনো সে দেশের রানি।