রাজস্থানে ষষ্ঠ বিমান ঘাঁটির উদ্বোধন
ভারতীয় বিমানবাহিনী রাজস্থান রাজ্যে গতকাল মঙ্গলবার নতুন একটি বিমানঘাঁটির উদ্বোধন করেছে। এটি এ রাজ্যের ষষ্ঠতম বিমানঘাঁটি। ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল পি ভি নায়েক এ ঘাঁটির উদ্বোধন করেন। পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে যেকোনো যুদ্ধের কৌশল হিসেবে ভারত এ বিমানঘাঁটি খুলেছে। বিমানঘাঁটিটি পাকিস্তানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এ বিমানঘাঁটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে।নতুন এ বিমানঘাঁটির অবস্থান রাজস্থান রাজ্যের জয়সলমির ও যোধপুরের মধ্যবর্তী ফালোদিতে। এটি যেকোনো ধরনের অভিযানের জন্য প্রস্তুত থাকবে। এ বিমানঘাঁটিতে জঙ্গি বিমান ও হেলিকপ্টার থাকবে। ফালোদি বিমানঘাঁটিতে কোনো সামরিক ইউনিট থাকবে না। ধারণা করা হচ্ছে, ভারতের বিমানবাহিনীর সুখোই সু-৩০এমকেআই জেট বিমান এখানে মোতায়েন করা হবে।রাজস্থানে ভারতীয় বিমানবাহিনীর অন্য ঘাঁটিগুলো সুরাটগড়, বিকানির, জয়সলমির, যোধপুর ও বারমারে অবস্থিত। প্রথম তিনটি বিমানঘাঁটি পাকিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত। এসব বিমানঘাঁটি থেকে মিগ-২১ ও মিগ-২৭ জঙ্গি বিমান ব্যবহার করা যাবে।এদিকে ভারতীয় সেনাবাহিনী মাসব্যাপী এক সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। ‘যুদ্ধশক্তি’ শীর্ষক এ মহড়া মধ্য এপ্রিল থেকে শুরু হবে। পাঁচ হাজার সেনা এ মহড়ায় অংশ নেবে। রাজস্থানে বিমানবাহিনীর মহড়ার এক মাস পর সেনাবাহিনীর এ মহড়া শুরু হচ্ছে। এ মহড়া পরিচালনা করবে ভারতীয় সেনাবাহিনীর মথুরাভিত্তিক একটি সামরিক দল।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এ ধরনের মহড়ার উদ্দেশ্য হচ্ছে, যেসব আধুনিক সরঞ্জাম কেনা হয়েছে তা প্রদর্শন করা, সেনাদের দক্ষতা বাড়ানো এবং যুদ্ধক্ষেত্রে আধিপত্য অর্জন করা।এদিকে পাকিস্তানের সেনাবাহিনীও ১০ এপ্রিল থেকে তাদের সীমান্তে মহড়া শুরু করছে। এ মহড়া ১৩ মে পর্যন্ত চলবে। সে দেশের সৈন্যরা সব ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এ মহড়ায় অংশ নেবে। পাকিস্তানের বিমানবাহিনীও এতে অংশ নেবে।