পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে গ্রেপ্তার করার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই। তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলায় এর আগে আদালতে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তা-ও যথার্থ নয়। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) প্রধান ফসিহ বোখারি গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে এসব কথা জানান। এতে অসন্তুষ্টি প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রীসহ আসামিদের গ্রেপ্তার না করায় এনএবির প্রধানের বিরুদ্ধে আদালত অবমাননার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলায় গত মঙ্গলবার প্রধানমন্ত্রী পারভেজ আশরাফসহ ১৬ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। পারভেজ আশরাফের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনসংক্রান্ত চুক্তি করার সময় ঘুষ নিয়েছেন তিনি।প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে গতকাল ওই দুর্নীতির মামলার শুনানি হয়। শুনানিতে হাজির হয়ে এনএবির প্রধান ফসিহ বোখারি বলেন, প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ নেই। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি করতে দুর্নীতির অভিযোগে করা মামলায় একটি তদন্ত প্রতিবেদন এর আগে আদালতে পেশ করা হয়েছে। কিন্তু ওই তদন্ত প্রতিবেদন যথার্থ নয়। তিনি বলেন, এনএবির তদন্ত কর্মকর্তাদের তদন্ত দুর্বল ছিল এবং তদন্তে এটা প্রমাণিত হয়নি যে, ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। এনএবির প্রধান বলেন, এই তদন্তের ওপর ভিত্তি করে মামলা হলে এতে সন্দেহভাজন আসামিরা নির্দোষ প্রমাণিত হবেন।এনএবির প্রধানের এমন বক্তব্যের পর আদালত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আদালত বলেন, এনএবি বাস্তবতার প্রতিফলন ঘটাতে পারেনি। পরে প্রধান বিচারপতি এনএবি প্রধান ও সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদনসংক্রান্ত সব নথি আদালতে উপস্থাপন করার নির্দেশ দেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, আদালত শুধু প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেননি। এই মামলায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এনএবির প্রধানের বিরুদ্ধে আদালত অবমাননার বিজ্ঞপ্তি জারি প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, আদালতের নির্দেশমতো আসামিদের গ্রেপ্তার না করার যথার্থতা তুলে ধরতে হবে এনএবির প্রধানকে।এনএবির কৌঁসুলি কে কে আগা বলেন, এই মামলায় এনএবি তদন্ত করেছে। সুপ্রিম কোর্ট তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না। শেষে ইফতেখার চৌধুরী এই মামলার শুনানি আগামী ৩০ মার্চ পর্যন্ত মুলতবি করেন। বিশ্লেষকেরা মনে করছেন, আদালতে এনএবির প্রধানের এমন বক্তব্যের পর পাকিস্তান সরকারে অস্থিতিশীলতা কিছুটা কমে এসেছে। এএফপি, রয়টার্স ও ডন।