রাজা আশরাফের মামলার তদন্ত কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দায়ের করা মামলার অন্যতম একজন তদন্তকারী কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। কামরান ফয়সাল নামের ওই কর্মকর্তার ফাঁস লাগানো লাশ গতকাল শুক্রবার নিজ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে।কামরান ফয়সালের মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। এই মামলারই তদন্তকারী কর্মকর্তা ছিলেন কামরান ফয়সাল।কামরান ফয়সাল পাকিস্তানের দুর্নীতি দমনবিষয়ক প্রধান সংস্থা এনএবিতে (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) কর্মরত ছিলেন। এনএবির ওই কর্মকর্তা দেশটিতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে চলা মামলার মূল তদন্তকারী কর্মকর্তা আসগর খানকে সহায়তা করছিলেন।পুলিশ বলছে, কামরান ফয়সাল সরকারি বাসায় বসবাস করছিলেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।এনএবি সূত্র বলেছে, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে দুর্নীতির মামলার দায়িত্ব পাওয়ার পর থেকে ওই কর্মকর্তা প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।ইসলামাবাদ পুলিশের প্রধান বনি আমিন বলেন, ‘বিভিন্ন দিক থেকে এ ঘটনাকে আমরা তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের পর এ বিষয়ে সিদ্ধান্তে আসা যাবে।’ ঘটনার পর এনএবির চেয়ারম্যান ফসিহ বুখারি ঘটনাস্থল পরিদর্শন করে কামরানের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট রাজা আশরাফকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে ২০১০ সালে পানি ও বিদ্যুৎমন্ত্রী থাকাকালে পাওয়ার জেনারেশন নামের একটি বিদ্যুৎ প্রকল্প অনুমোদনে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ। বিবিসি।