রাজা পারভেজের বিরুদ্ধে দুর্নীতির মামলা স্থগিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট দুর্নীতির মামলার তদন্তকাজ সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি)। দুর্নীতি মামলাটির তদন্ত কর্মকর্তা কামরান ফয়সালের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত আগে শেষ করা হবে বলে গত সোমবার সংস্থাটির প্রধান ফাসিহ বোখারি এক বিবৃতিতে জানান।ইসলামাবাদের সরকারি অতিথিশালা থেকে গত শুক্রবার এনএবির কর্মকর্তা কামরান ফয়সালের (৩৫) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি প্রধানমন্ত্রী আশরাফের বিরুদ্ধে দুর্নীতি মামলার মূল তদন্ত কর্মকর্তা আসগর খানকে সহায়তা করছিলেন। এনএবির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর দুর্নীতি তদন্তকালে ফয়সাল মানসিক চাপে ছিলেন। তাই দায়িত্ব থেকে তিনি অব্যাহতি চেয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে স্বপদে বহাল রাখা হয়েছিল।ইসলামাবাদের জেনারেল হাসপাতালে ফয়সালের ময়নাতদন্ত করা হয়। চিকিৎসক শওকত কায়ানি বলেন, ময়নাতদন্তে প্রাথমিকভাবে ফয়সাল আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে চূড়ান্ত প্রতিবেদন পেতে ৭ থেকে ১০ দিন লাগবে। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার ব্যাপারটি মেনে নেওয়া হয়নি। এএফপি।