রাজাপক্ষেকে আমন্ত্রণ জানিয়ে বিপাকে মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের শপথে  মোদি l এএফপি
গতকাল গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের শপথে মোদি l এএফপি

এখনো প্রধানমন্ত্রী হননি, শপথ নিতে তিন দিন বাকি, অথচ নরেন্দ্র মোদি নিজেই নিজের প্রথম রাজনৈতিক সংকট সৃষ্টি করলেন৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানোয় তামিলনাড়ুতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ বিজেপির সহযোগী দলগুলো প্রকাশ্যেই এই সিদ্ধান্তের সমালোচনা করেছে৷ মোদির এই সিদ্ধান্ত তামিল ভাবাবেগে এতটাই আঘাত দিয়েছে যে এআইএডিএমকে নেত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির নাও থাকতে পারেন৷
এআইএডিএমকে সাংসদ মৈত্রেয়ন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং তামিল ভাবাবেগের সঙ্গে যুক্ত৷ এই আমন্ত্রণ অবাঞ্ছিতও৷ তবে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন কি না, সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীই নেবেন৷
তামিলনাড়ুতে বিজেপি এবার তিনটি দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচন লড়েছে। এমডিএমকে, ডিএমডিকে এবং পিএমকে৷ এদের মধ্যে পিএমকের প্রার্থী অম্বুমনি রামদস কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার আশা করছেন৷ বিজেপিও এই প্রথম দ্রাবিড়ভূমিতে একটি আসন জিতেছে৷ এই রাজ্যে তাদের শাখা-প্রশাখা বিস্তারের ব্যাপক পরিকল্পনাও রয়েছে৷ কিন্তু অন্য সার্ক নেতাদের মতোই রাজাপক্ষেকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত রাজ্যে বিজেপিকে আচমকাই একঘরে করে দিয়েছে৷
এমডিএমকে নেতা ভাইকো গত বুধবার রাতে এক বিবৃতিতে বিজেপি সভাপতি রাজনাথ সিং ও ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন৷ পিএমকে ও ডিএমডিকে ক্ষুব্ধ হলেও তাদের কেউ এখনো বিবৃতি দেয়নি৷ যদিও অসন্তোষ প্রকাশ করেছে ডিএমকে৷ জয়ললিতার দলের বিবৃতি এখনো আসেনি৷ যদিও দলের শীর্ষনেতারা মনে করছেন, এটা নিতান্তই অবাঞ্ছিত একটা ঘটনা৷ এই কাজটা মোদি না করলেও পারতেন৷ এ ঘটনা মুখ্যমন্ত্রীকে বিস্মিত করেছে বলেও দলীয় নেতারা মনে করছেন৷
ইউপিএ আমলেও তামিলনাড়ুর অভ্যন্তরীণ রাজনীতির কারণে ভারতের শ্রীলঙ্কা নীতি পরিবর্তিত হয়েছে৷ তামিলনাড়ুতে শ্রীলঙ্কার সেনাদের প্রশিক্ষণ শিবির বন্ধ করে দিতে হয়েছে৷ প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কলম্বোতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদান থেকে বিরত থাকতে হয়েছে৷ এমনিক তামিলনাড়ুতে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় শ্রীলঙ্কার খেলোয়াড়দের মাঠে নামার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ ভারতের আপামর তামিল জনগণ মনে করে, প্রতিবেশী শ্রীলঙ্কায় এলটিটিই গেরিলারা যে স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়ছিল, রাজাপক্ষে তার কফিনে শেষ পেরেকটি ঠুকেছিলেন হাজার হাজার নিরস্ত্র নিরপরাধ তামিলকে হত্যা করে৷ প্রভাকরণের পরিবারকে বন্দী অবস্থায় হত্যার হুকুমও দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট৷ তামিল জনগোষ্ঠীর কাছে রাজাপক্ষে মানবাধিকার লঙ্ঘনের খলনায়ক৷ তাঁর সরকারের বিরুদ্ধে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্যও বারবার ভারতের ইউপিএ সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে৷ তামিলনাড়ুর কারণেই তাই শ্রীলঙ্কা বরাবর ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে শাঁখের করাত৷ প্রধানমন্ত্রী হওয়ার আগেই সেই তামিলনাড়ু মোদিকে ফেলে দিল এক কঠিন পরীক্ষার মুখে৷
বিজেপির তামিল মুখপাত্র নির্মলা সীতারামন অবশ্য বলেছেন, ‘তামিল ভাবাবেগের বিষয়টি আমাদের জানা৷ কিন্তু মোদি যা করেছেন তা একটা দায়িত্বশীল আচরণ৷ আগের সরকার প্রতিবেশীদের দিকে না তাকিয়ে বড় শক্তিদের সঙ্গে ওঠা-বসা করতে পছন্দ করেছে৷ সেই তুলনায় মোদি গুরুত্ব দিচ্ছেন ঘরের পাশের দেশগুলোকে৷ আশা করি, তামিল বন্ধুরা বিষয়টিকে এভাবে দেখবেন৷’
তবে তামিল জনগোষ্ঠী বিষয়টিকে ‘ক্ষমার দৃষ্টিতে’ দেখতে রাজি নয়৷ বিষয়টি মোদির কাছেও চিন্তার৷ কারণ, লোকসভায় বিপুল ভোটে জিতলেও রাজ্যসভায় এনডিএর সদস্যসংখ্যা নিতান্তই কম৷ এই মুহূর্তে ২৪৫ সদস্যের রাজ্যসভায় এনডিএর সদস্য ৬৪ জন৷ তাঁদের মধ্যে তিনজন লোকসভায় জিতেছেন। তাঁরা রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করবেন৷ ফলে সংখ্যাটা কমে দাঁড়াবে ৬১-তে৷ মনোনীত ১০ জন সদস্যও যদি সঙ্গে আসেন, তাহলেও কোনো বিল পাস করাতে অারও ৫০ জনের বেশি সদস্যের সমর্থন প্রয়োজন৷ এই বাড়তি সমর্থনের জন্য বিজেপিকে তাকাতে হবে জয়ললিতা, নবীন পট্টনায়ক, জগনমোহন, চন্দ্রশেখর রাও বা অন্যান্য বিরোধী দলের দিকে৷ রাজাপক্ষেকে আমন্ত্রণ জানানোটা তার পথে কাঁটা হয়ে দাঁড়ালে মোদির কপালে ভাঁজ পড়তেই পারে৷
প্রথম সফরে ঢাকা!: গতকাল বৃহস্পতিবার ভারতের ব্যবসাবিষয়ক শীর্ষ সংবাদপত্র ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি তাঁর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরের জন্য ঢাকাকে বেছে নিতে পারেন৷ একই সঙ্গে মোদির ওই সফরের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত তিস্তা পানি চুক্তিও হতে পারে৷
কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে আলাপের বিষয়টি আলোচিত হয়৷ এ সময় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশ বেছে নেওয়ার অনুরোধ জানান শেখ হাসিনা৷
সূত্র জানায়, দুই নেতার টেলিফোন আলাপের একটি বড় অংশজুড়ে ছিল তিস্তা পানি চুক্তির বিষয়৷ শেখ হাসিনাকে মোদি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ‘বাস্তবানুগ ও তাৎপর্যপূর্ণ’ পদক্ষেপ নেবেন তিনি৷
কংগ্রেসের নেতৃত্বাধীন বিদায়ী সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে ব্যর্থ হয়৷ ‘সংশ্লিষ্ট সূত্রের’ বরাতে ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ দাবি করেছে, রাজ্যের উন্নয়নের জন্য অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তিস্তা চুক্তিতে রাজি করাতে সক্ষম হতে পারেন মোদি৷ শপথ অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷ এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগিতে সিকিমের মুখ্যমন্ত্রীকেও রাজি করাতে পারেন তিনি৷
বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিবেদনে আরও বলেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপনে মোদির প্রথম পদক্ষেপ হতে পারে তিস্তা পানির চুক্তি৷