রাজার পাত্রী হতে নারাজ, তাই বিদেশে পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার দক্ষিণের রাষ্ট্র সোয়াজিল্যান্ডের অমিতচারী শাসক হিসেবে সুখ্যাতি আছে রাজা তৃতীয় সোয়াতির। বিয়ে করা তাঁর কাছে অনেকটা বিনোদনের মতো। ইতিমধ্যে তিনি বিয়ে করেছেন ১৩টি। বিয়ের স্বাদ মেটেনি তাতেও। ১৪তম স্ত্রী হিসেবে সোয়াজিল্যান্ডেরই ২২ বছরের তরুণী টিন্টসোয়ালো নগুবেনিকে চান তিনি। কিন্তু সোয়াতির হারেমে যেতে চান না নগুবেনি। এ জন্য পালিয়েছেন যুক্তরাজ্যে। জীবন বাঁচাতে তিনি এখন রাজনৈতিক আশ্রয়প্রার্থী।
ডেইলি মেইলের খবরে বলা হয়, সোয়াজিল্যান্ডের প্রথাগত কারণে রাজা সোয়াতি (৪৫) প্রতিবছরই একজন করে নতুন পাত্রী নির্বাচন করতে পারেন। বর্তমান বার্মিংহামবাসী নগুবেনির বয়স যখন ১৫, তখনই তিনি সোয়াতির নজরে পড়েন। চতুর্থ স্ত্রী লানিগানগাজার প্রাসাদে নগুবেনিকে প্রথম দেখেন সোয়াতি। ওই সময়ই বিয়ের প্রতি সোয়াতির আকর্ষণ শুনে ভয় জাগে নগুবেনির মনে। তিনি বলেন, ‘তিনি (সোয়াতি) আমাকে বোর্ডিং স্কুলে যেতে বলেন। তিনি আমাকে রাজপরিবারের সদস্য হতে বলেন। কিন্তু আমি চাইনি তাঁকে বিয়ে করে জীবনটাকে রাজার কাছে উত্সর্গ করে দিতে।’
নগুবেনি বলেন, ‘তাঁর (সোয়াতি) স্ত্রীরা প্রাসাদে দেহরক্ষীবেষ্টিত থাকেন। তাঁরা রাজার অনুমতি ছাড়া কোথাও যেতে পারেন না। কেবল প্রতিবছর একবার যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান তাঁরা। তখন বার্ষিক কেনাকাটার জন্য রাজা তাঁদের কিছু অর্থ দেন।’

তিনি জানান, তিনি বোর্ডিং স্কুলের আরামদায়ক জীবনযাপন ছেড়ে বাধ্য হয়ে যুক্তরাজ্যে মায়ের কাছে চলে যান। এ ক্ষেত্রে তাঁকে সাহায্য করেছিল তাঁর এক নিকটাত্মীয়। তিনি আরও বলেন, ‘আমার কোনো সুযোগ ছিল না। রাজার অবাধ্য হওয়ার সাহস কেউই করেনি।... তাই আমি তাঁর কাছ থেকে পালিয়ে যাই।’

এদিকে যুক্তরাজ্যে যাওয়ার পর সোয়াজিল্যান্ডের নিপীড়ক শাসকদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরে পরিণত হন নগুবেনি। দেশটিতে বিরোধী নেতাদের নিয়মিতভাবে গ্রেপ্তার কিংবা হত্যা করা হয়। এসবের বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত সোয়াজি দূতাবাসের সামনে নগুবেনির সাপ্তাহিক প্রতিবাদ-বিক্ষোভ তাঁর দেশের কর্তাব্যক্তিদের নজরে এসেছে। ফলে আগের চেয়ে বেশি বিপদে আছেন বলে মনে করছেন ‘সোয়াজি ভিজিল’ দলের ওই কর্মী।

এ ব্যাপারে নগুবেনি বলেন, ‘সম্প্রতি আমি জেনেছি, সোয়াজিল্যান্ড থেকে লোক পাঠিয়ে আমাকে ধরার চেষ্টা করা হচ্ছে, যা সত্যিকার অর্থে আমাকে আতঙ্কিত করেছে। যদি আমি ফিরে যাই, তবে অত্যাচার, মারধর কিংবা হত্যার শিকার হওয়া স্থানীয় লোকজনের চেয়ে বেশি বিপদে পড়ব।’ তিনি চান যুক্তরাজ্যে তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক।

এর আগে ২০০৭ সালে নগুবেনি প্রথম রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু ২০১১ সালে এসে তা প্রত্যাখ্যান করে সেখানকার সরকার। গত মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু যুক্তরাজ্যের সংগঠন ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) এবং বার্মিংহামের লেবার পার্টির আইনপ্রণেতা রজার গডসিফের চাপে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে রাজনৈতিক আশ্রয় চেয়ে করা নগুবেনির আবেদনটি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে।