রাজার সমর্থন পেয়ে থাই সেনাপ্রধানের হুংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাপ্রধান জেনারেল প্রাইউথ শান-ওশা দেশ পরিচালনায় রাজার সমর্থন পেয়েছেন৷ গতকাল সোমবার ওই সমর্থন লাভের পর তিনি অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন৷ সেনাপ্রধান বলেছেন, সামরিক আইন লঙ্ঘন করে বিক্ষোভ করলে সামরিক আদালতে বিচার করা হবে৷ খবর এএফপি, রয়টার্স ও বিবিসির৷
থাইল্যান্ডে টানা ছয় মাসের রাজনৈতিক সংকটের পর ২০ মে সামরিক আইন জারির ঘোষণা দেয় সেনাবাহিনী৷ এরপর ২২ মে তারা দেশের ক্ষমতা দখলের ঘোষণা দেয়৷ তখন বলা হয়, এখন থেকে দেশ চালাবে ‘জাতীয় শান্তি ও শৃঙ্খলা পরিষদ’৷ ২৪ মে সেনাবাহিনীর একটি সূত্র জানায়, সেনাপ্রধান প্রাইউথ সামরিক শাসনের বিষয়ে অনুমতি নিতে রাজা ভূমিবলকে চিঠি দিয়েছেন৷
সেনাপ্রধানের ওই চিঠির পরিপ্রেক্ষিতে রাজার পক্ষ থেকে বলা হয়েছে, দেশে শান্তি ও শৃঙ্খলা স্বাভাবিক করা এবং ঐক্যের স্বার্থে সেনাপ্রধান প্রাইউথ শান-ওশাকে জাতীয় শান্তি ও শৃঙ্খলা পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে৷
জেনারেল প্রাইউথ গতকাল টেলিভিশনে এক বিবৃতি পড়ে শোনান৷ তিনি রাজার আনুষ্ঠানিক সম্মতির বিষয়টি ঘোষণা করেন৷ রাজনৈতিক বিক্ষোভ আবারও দানা বেঁধে উঠলে তাঁর শক্তি প্রয়োগ করা ছাড়া উপায় থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি৷ বিবৃতিতে তিনি যত শিগগিরই সম্ভব, একটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়েছেন বলে জানালেও কোনো সময়সীমা উল্লেখ করেননি৷
এদিকে অভ্যুত্থান ঘটানোর পর গতকাল প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন সেনাপ্রধান প্রাইউথ৷ এ সময় তিনি আবারও সতর্ক করে দিয়ে বলেন, বিক্ষোভ চলতে থাকলে তিনি আইনের প্রয়োগ জোরদার করবেন৷ আর পরিস্থিতি শান্ত হলে এ ধরনের পদক্ষেপ শিথিল করা হবে৷
সেনাবাহিনী কত দিন ক্ষমতায় থাকবে, এমন প্রশ্নের জবাবে জেনারেল প্রাইউথ বলেন, ‘সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত’ সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে৷ নিজেই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হবেন কি না, এমন প্রশ্নের উত্তর দেননি তিনি৷
এদিকে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে৷ সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থকেরা এ বিক্ষোভ করছেন বলে মনে করা হচ্ছে৷ বিক্ষোভের সময় অনেককে লাল শার্ট পরা অবস্থায় দেখা গেছে৷ ইংলাক ও তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকেরাই লাশ শার্ট পরে আন্দোলন করে থাকেন৷