পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস নেতৃত্ব একটা সময় বহুবার ‘বিশ্বাসঘাতক’ বললেও সম্প্রতি প্রকাশিত মমতার আত্মজীবনীমূলক বই মাই আনফরগেটেবল মেমোরিস-এ দলের দুজন শীর্ষস্থানীয় নেতার প্রতি তাঁর শ্রদ্ধার কোনো ঘাটতি দেখা যায়নি। বিশেষ করে কংগ্রেস সভাপতি ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে তিনি ‘প্রাণের নেতা’ হিসেবে উল্লেখ করেছেন। আর কংগ্রেসের আরেক প্রবীণ নেতা প্রণব মুখোপাধ্যায়কে নিজের ভাই বলে সম্বোধন করেছেন। কংগ্রেসের রাজনীতিতে জড়িত থাকাকালে ১৯৯১ সালে কলকাতায় এক সমাবেশে মমতার ওপর হামলা করে সিপিআইএমের কর্মীরা। ওই সময়ের স্মৃতিচারণা করে মমতা বলেন, ‘রাজীব জি আমাদের প্রাণের নেতা, আমার চিকিৎসা-ব্যয়ের যাবতীয় দায়িত্ব তিনি নিয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য আমি যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী কি না, তা জানার জন্য তিনি আমার কাছে লোক পাঠিয়েছিলেন।’ কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের সঙ্গে মমতার বর্তমান সম্পর্ক ভালো নয়। কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে তিনি তাঁর বড় ভাই সম্বোধন করেছেন। বইয়ে মমতা লিখেছেন, ‘আমি সব সময় তাঁকে শ্রদ্ধা করি এবং তিনি আমার বড় ভাইয়ের মতো।’ আত্মজীবনীতে মমতা লিখেছেন, ১৯৯১ সালে রাজীব গান্ধীকে হত্যার খবর শোনার পর তিনি স্থবির হয়ে যান। ওই ঘটনার পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত নাওয়া-খাওয়া এমনকি কারও সঙ্গে কথা বলার মতো অবস্থা ছিল না তাঁর।মমতা লিখেছেন, রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেসে এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়। এর ফলে দল ছাড়তে বাধ্য হন তিনি এবং নতুন সংগঠন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। মমতা লিখেছেন, ‘আমাদের সবার জন্যই দুর্ভাগ্য যে, রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেসের ভেতরে দ্বিতীয় কেউ ছিল না যে, আমাদের অনুভূতি বুঝতে পারে।’ পিটিআই।