রাজীব হত্যার ভিডিওচিত্র গোপন করা হয়েছিল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডের একটি ভিডিওচিত্র গোপন করা হয়েছিল। রাজীব গান্ধী হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তা কে রাগোথামান তাঁর সম্প্রতি প্রকাশিত এক গ্রন্থে অভিযোগ করেছেন, তত্কালীন তদন্ত ব্যুরোর (আইবি) প্রধান এম কে নারায়ণন ওই গুরুত্বপূর্ণ ভিডিওচিত্রটি গোপন করেছিলেন। ভিডিওচিত্রে দেখা যায়, রাজীব গান্ধী ওই দিন সকাল ১০টায় শ্রীপেরুমপুদুমে পৌঁছার আগেই ‘মানব বোমা’ খ্যাত থেনমোঝি রাজারত্নম ধনু নামের এক ব্যক্তি ঘটনাস্থলে অবস্থান করছিলেন। তামিলনাড়ুর পুলিশ ভিডিওটি উদ্ধার করে। এম কে নারায়ণন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কে রাগোথামানের সম্প্রতি প্রকাশিত কন্সপিরেসি টু কিল রাজীব গান্ধী—ফ্রম সিবিআই ফাইলস বইয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে দাবি করা হয়, ১৯৯১ সালের ২১ মে ধনু নামের ওই ব্যক্তির হাতে নিহত হওয়ার এক দিন পর ভিডিওগ্রাফারের কাছ থেকে আইবির কর্মকর্তারা ভিডিওটি নেন। ভিডিওটি কখনোই বিশেষ তদন্ত দলের (এসআইটি) কাছে দেওয়া হয়নি। টাইমস অব ইন্ডিয়া।