
কন্যা আরুশিসহ জোড়া খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন দন্তচিকিৎসক দম্পতি রাজেশ ও নূপুর তালওয়ার। দিল্লির অদূরে গাজিয়াবাদে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক শ্যামলাল গতকাল মঙ্গলবার বিকেলে সাজা নিয়ে দুই পক্ষের যুক্তি শোনার পর তাঁর রায় জানান।
সাজা ঘোষণার আগেই রাজেশ ও নূপুরের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দেন।
আরুশি হত্যাকাণ্ড ভারতের সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা। সাড়ে পাঁচ বছর আগে দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের নয়ডায় রাজেশ ও নূপুরের বাড়িতে তাঁদের একমাত্র সন্তান আরুশির গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। ১৪ বছরের আরুশির মাথায় ভারী ও ভোঁতা বস্তুর আঘাতের চিহ্ন ছিল। বাড়ির পরিচারক হেমরাজের খোঁজ না মেলায় তাঁকেই হত্যাকারী বলে সন্দেহ করা হয়। কিন্তু বাড়ির ছাদে তাঁর গলাকাটা লাশ মেলায় তদন্তে নতুন মোড় নেয়। এ হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। কেউ বাইরে থেকে এসে খুন করে পালিয়ে গেছে, এমন প্রমাণও পাওয়া যায়নি।
প্রথম দিকে তালওয়ার দম্পতি ছাড়া পেয়ে গেলেও সিবিআই নতুন করে তদন্ত শুরু করলে পারিপার্শ্বিক প্রমাণ থেকে আদালত এ দম্পতিকে অপরাধী সাব্যস্ত করেন। ৪৫ বছর বয়সী পরিচারকের সঙ্গে আরুশির সম্পর্কের কথা জানতে পেরে পারিবারিক সম্মান রক্ষা করতে তালওয়ার দম্পতি এই হত্যাকাণ্ড ঘটায় বলে সিবিআইয়ের দাবি।
গতকাল দুপুরে বিচারপতি শ্যামলালের এজলাসে সিবিআইয়ের পক্ষ থেকে ফাঁসির দাবি জানানো হয়। বলা হয়, অপরাধীরা ঠান্ডা মাথায় দুজনকে হত্যা করেছেন। ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করার পর মৃত্যু নিশ্চিত করতে গলার নালি কাটা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ লোপ করারও চেষ্টা তাঁরা করেছেন। তালওয়ার দম্পতির আইনজীবী পাল্টা আবেদনে বলেন, কেবল পারিপার্শ্বিক প্রমাণের নিরিখে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। তা ছাড়া তালওয়ারদের অপরাধের অন্য কোনো রেকর্ডও নেই। তাই তাঁদের যেন কম সাজা দেওয়া হয়।