রাজ্য বিধানসভার নির্বাচন এগিয়ে আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন ঘরে-বাইরে প্রচণ্ড চাপের মুখে পশ্চিমবঙ্গের শাসকজোট বামফ্রন্ট। ২০০৬ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনের পর থেকেই বাম শিবিরে নামে একের পর এক ধস। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০০৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০১০ সালের পৌর নির্বাচনে ব্যাপক পরাজয় ঘটে বামফ্রন্টের। উত্থান ঘটে তৃণমূল কংগ্রেসের। আর বামফ্রন্টের এই পরাজয়কে কাজে লাগিয়ে এবার তৃণমূল কংগ্রেস চাইছে ২০১১ সালের বিধানসভা নির্বাচন এগিয়ে এনে পরিবর্তনের হাওয়ায় নির্বাচনী বৈতরণী পার হতে। এ জন্য তৃণমূল কংগ্রেস দাবি তুলেছে, বিধানসভার নির্বাচন অবিলম্বে করতে হবে। বামফ্রন্টের কোনো কোনো শরিকও চাইছে, জনগণের রায় মেনে নিয়ে আগাম নির্বাচন সেরে নিতে। কিন্তু তাতে সায় দিচ্ছে না বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআইএম। তবে মমতার এই দাবির মধ্যেই বামফ্রন্টের অন্যতম শরিক ফরোয়ার্ড ব্লকের রাজ্যসম্পাদক অশোক ঘোষ সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, তাঁর দলও চাইছে এই রাজ্যের বিধানসভার নির্বাচন এগিয়ে এনে নভেম্বর মাসে করতে। অশোক ঘোষ মনে করেন, নির্বাচন আগে হলে বামফ্রন্ট তাদের বিপর্যয় অনেকটা কাটিয়ে উঠতে পারবে। তাই তিনি চান নভেম্বরে হোক বিধানসভার নির্বাচন।অশোক ঘোষ সংবাদ সম্মেলনে বলেন, ‘২০০৬ সালে আমরা ২৯৪টি আসনের মধ্যে ২৩৫টি আসন পেয়ে আনন্দের জোয়ারে ভেসে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম, বিরোধীদের চেয়ে আমাদের ভোটের ব্যবধান মাত্র এক শতাংশেরও কম।’ তিনি আরও বলেন, ‘গত বিধানসভা নির্বাচনের পর থেকেই বামফ্রন্ট সরকার পুঁজিপতিদের নিয়ন্ত্রণে চলে গিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তবে বামফ্রন্ট সরকারের জনবিরোধী সিদ্ধান্ত কিন্তু ফরোয়ার্ড ব্লকই রুখে দিয়েছে।’ অশোক ঘোষ আরও বলেন, ‘বামফ্রন্টের যেসব সিদ্ধান্ত মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, তার পেছনে প্রধান শরিক দল সিপিএমের অবদানই বেশি।’ তবে এ ক্ষেত্রে যে ফরোয়ার্ড ব্লকের দায় রয়েছে, তাও তিনি স্বীকার করেন। অশোক ঘোষ ক্ষোভের সঙ্গে এ কথাও বলেছেন, ‘আমরা সমাজতন্ত্রের কথা বললেও এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে প্রক্রিয়া গ্রহণ করা উচিত, তা আমরা করি না। পরিবর্তে যুগ যুগ ধরে ভ্রষ্টাচারের রাজনীতিকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাই। এই যে রাজনৈতিক চাতুরতা, এ থেকেই জন্ম নিয়েছে বামপন্থীদের প্রতি অবিশ্বাস ও আস্থাহীনতা। তার ফল তো ফলবেই।’সোনিয়ার বার্তাপৌর নির্বাচনের পরে কংগ্রেস-প্রধান সোনিয়া গান্ধী তাঁর দূত হিসেবে কেন্দ্রীয় কংগ্রেস নেতা ও পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি বীরেন্দ্র কাটারিয়াকে কলকাতায় পাঠান। তিনি চার দিন কলকাতায় থেকে কংগ্রেসের বিপর্যয়ের কারণগুলো জেনে নেন। গত সোমবার তিনি ফিরে যান। ফিরে যাওয়ার আগে তিনি সোনিয়ার একটি বার্তা দিয়ে যান প্রদেশ কংগ্রেসকে। বার্তাটি হলো: আসন্ন বিধান সভার নির্বাচনে মমতাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে কংগ্রেসকে মমতার নেতৃত্বে চলতে হবে। সিপিএমকে হারাতে এর আর কোনো বিকল্প নেই। সিপিএমকে হারাবার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে কংগ্রেস ও তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে। পরবর্তী বিধানসভার নির্বাচনেও লড়তে হবে একসঙ্গে। তবেই এই রাজ্য থেকে বিদায় করা যাবে সিপিএমকে।